কয়েক দিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুরে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ২৬টি কারখানা আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল। গতকাল ছুটি ঘোষণা করা হয় ৩৪টি কারখানা। এ ছাড়া দুপুরের পর অনেক কারখানায় আর শ্রমিকরা প্রবেশ করতে পারেননি। সাভার ও আশুলিয়া অঞ্চলের ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর : সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ কয়েকটি স্থানে যানবাহনে ভাঙচুর করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছাত্ররা ভঙ্গ করে দেয়। সংঘর্ষকালে শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন, পুলিশের এপিসি গাড়ি ভাঙচুর করেন, আগুন ধরিয়ে দেন পুলিশ ব্যারিকেটে। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে সকাল থেকে মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগরা বাইপাস এলাকায় ও জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আন্দোলনের জেরে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ (গতকাল) ৩৪টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর জেলা পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, গার্মেন্টস শিল্প এবং সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এই আন্দোলন করা হচ্ছে। শ্রমিকরা কাজ করতে চান কিন্তু একটি গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন তাদের উসকে দিচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা সড়কে নেমে আসেন। সাভারেও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।
তিনি বলেন, কিছু শ্রমিক সড়ক অবরোধ করলে তাদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ও বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছোড়ে। এতে কারখানার ফটকসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকালে হেমায়েতপুরের বাগবাড়ী এলাকার ‘স্টারলিং গ্রুপ’র শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। তারা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় সকালে মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। দুপুর ১২টার দিকে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে মহাসড়কের যানচলাচল স্বাভাবিক করে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, শ্রমিকদের এই আন্দোলনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের লোকজনও যুক্ত হয়েছেন। এ পর্যন্ত ১১৭ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে কুমকুমারী এলাকার কারখানা শ্রমিকরা এসে বিক্ষোভ করলে আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। পরে কিছু কারখানার শ্রমিকরা বাহিরে বেরিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খেজুর বাগান নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা : গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবী এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। তবে পুলিশের বাধায় তারা সড়কে অবস্থান নিতে পারেননি। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা সড়কের পাশে অবস্থান নিয়ে নিজেদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন। প্রায় ১ ঘণ্টা পর তারা এলাকা ছেড়ে চলে যান।
এদিকে সকালে মিরপুর মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণের কথা জানান প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ এ দাবি নাকচ করেছে। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, মিরপুর সনি সিনেমা হলের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে কিছু লোক আসছিলেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর বিকট শব্দকে অনেকে ককটেল বিস্ফোরণ বলে মনে করে থাকতে পারেন।