টুঙ্গিপাড়া অশান্ত, থানা ও এমপির বাড়িতে আগুন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর করা হয়েছে। একপর্যায়ে থানা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা ঘেরাও করে সামনে রাখা অন্তত ১০টি গাড়ি ও থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একপর্যায়ে পুলিশ থানা থেকে পালিয়ে যায়। মারমুখী লোকজন পুলিশের কয়েকটি অস্ত্র ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। পরে তারা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারসংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে। টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এস এম জিলানীর বাড়ি। এ ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে  গোপালগঞ্জ শহর থেকে ১০ কিলোমিটার দূরে খালেক বাজার নামক স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সমন্বিত টহল টিমের ৫টি গাড়ি পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর পেয়ে টহল টিম টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেয়। খালেক বাজারে টহল টিমকে প্রবেশে বাধা দেওয়ার জন্য সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। টহল গাড়িগুলো সেখানে পৌঁছালে প্রথমে গাড়িগুলো ভাঙচুর করা হয় এবং পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফরিদপুরের ভাঙ্গায় মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না সে বিষয়ে কোনো খবর পাইনি। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান,  থানায় আগুনের খবর পেয়েও তারা সেখানে যেতে চাইলে ইউনিটকে বাধা দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সেখানে যেতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র বলছে, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। এরপর সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এমপির বাড়িতে আগুন দেওয়ার একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এস এম জিলানীর বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক ভাঙচুর চালাচ্ছেন। কাউকে কাউকে ‘জয় বাংলা’ সেøাগান দিতে দেখা যায়। একজনকে বলতে শোনা যায়, জিলানীর বাড়ি শেষ। স্থানীয়রা জানান, মিছিলকারীরা প্রথমে চড়াও হলে বাড়ির লোকজন বের হয়ে যায়। পরে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। আসামিদের ছিনিয়ে নিতেই টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে বসে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এতে নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।

ফরিদপুরের কৃষক দল নেতাকে হত্যা, গাড়িতে আগুন : এদিকে গতকাল রাত সোয়া ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে মিছিল করে তারা। ওই মিছিল থেকে স্থানীয় হামিরদীতে বিএনপির কার্যালয় ভাঙচুর চালানো হয়। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় রাজু মোল্লাকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন রাজু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।