ড. ওসমান ফারুক পদত্যাগ করলেন

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ ঘোষণা দেন।

এ সময় তিনি জানান, পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি। সংবিধানের বিধান তুলে ধরে স্পিকার বলেন, এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।

এদিকে গতকাল আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়। এতে ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে বলে জানানো হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন দিতে হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপিদলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে তিনি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে তিনি আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এ বর্ষীয়ান রাজনীতিবিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছিলেন ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেহাদ খান পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

ড. ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগতা করেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।