চট্টগ্রামে পুলিশের একটি টহল পিকআপ চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২-এর দিবাকালীন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি পিকআপটি রেখে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর সেখানে পাননি।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যাচ্ছেন। চুরি হওয়া নীল রঙের টাটা ব্র্যান্ডের সিঙ্গেল কেবিন পিকআপটির নম্বর সিএমপি-১৮০। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রুবেল কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নের সামছুল আলমের ছেলে।
নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।