মশার লার্ভা ধ্বংসকারী রোবট থেকে ‘স্কাইগার্ড’, সিভাসুতে বিজ্ঞানীদের মেলা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

পানিতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে তা ধ্বংস করতে পারে এমন রোবট, আকাশে নজরদারি চালানোর পোর্টেবল ড্রোন শনাক্তকরণ যন্ত্র ‘স্কাইগার্ড’ এবং পচনশীল বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ ‘ইকো-ক্যাম্পাস’। জনস্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই ক্যাম্পাস গড়ার এমন নানা উদ্ভাবনী প্রকল্প নিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিভাসুর খুলশী ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। ১০টি ভিন্ন ক্ষেত্রে তাদের তৈরি ৪৮টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নুর মোহাম্মদ অপুর ডেঙ্গু প্রতিরোধী রোবট দর্শনার্থীদের নজর কাড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি ‘স্কাইগার্ড’ তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ড্রোন শনাক্ত করে অডিও-ভিজ্যুয়াল সতর্কবার্তা দিতে সক্ষম। অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ‘ইকো-ক্যাম্পাস’ প্রকল্পে ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যবহার করে পচনশীল বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ তুলে ধরা হয়।

প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তরুণদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রকল্পগুলো দেখে তারা অভিভূত। এসব খুদে বিজ্ঞানীই ভবিষ্যতে বাংলাদেশের নির্মাতা হবে। বিজ্ঞানের প্রতিটি শাখায় তাদের দক্ষতা অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এ লক্ষ্য অর্জনে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনাকাল থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন নীরবে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন বিভাগ খুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা দিতে কাজ করছে। এ ক্ষেত্রে জিয়াউর রহমান ফাউন্ডেশন পথ দেখাচ্ছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ।

প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ৪৮টি প্রকল্পের মধ্য থেকে ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য ১৩টি প্রকল্প নির্বাচিত হয়। এর মধ্যে সিভাসুর পাঁচটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকল্প রয়েছে। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একটি করে প্রকল্প চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত