এবার যুক্তরাষ্ট্রে সেরা অভিনেত্রী তুষি

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্মানজনক পুরস্কার পেলেন অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন তিনি।

এশিয়ার সিনেমাগুলোকে বৈশ্বিক দর্শক ও হলিউডের সামনে তুলে ধরতে আয়োজিত এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা স্নো লেপার্ড। এর আগে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ ও সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা এ স্বীকৃতি পেয়েছিলেন; এবার সেই তালিকায় যুক্ত হলেন তুষি। ‘রইদ’ সিনেমার জন্য এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে একই সিনেমায় ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।

এই অর্জন প্রসঙ্গে তুষি জানান, পুরস্কারের আশায় তিনি কখনো কাজ করেন না, তার কাছে কাজই মুখ্য। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারলে এবং সেজন্য স্বীকৃতি মিললে ভালো লাগে। এই সম্মাননা তার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

‘রইদ’ সিনেমায় তুষির বিপরীতে প্রধান চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ইতোমধ্যে বিশ্বের নানা মর্যাদাপূর্ণ উৎসবে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা ‘টাইগার প্রতিযোগিতা’য় জায়গা পাওয়া প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি সিনেমা এটি। পাশাপাশি সিয়াটল, ডানাং এশিয়ান এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে ছবিটি।