সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি যুক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জন, গুঞ্জন হয়েই থাকল। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে কিয়ারা নন, পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীই চূড়ান্ত হয়েছেন।
‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘নেক্সট’। এই এক শব্দের পোস্ট ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেকেই ধরে নেন, ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারাকে।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ‘মহব্বত’ সিনেমায় নায়িকা হিসেবে আগেই চূড়ান্ত করা হয়েছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীকে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির থাকার কোনো সুযোগ নেই।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রযোজক আরশাদ আদনানও। তিনি জানান, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত এবং এই সিনেমায় কিয়ারা আদভানি যে থাকছেন না, তা নিশ্চিত। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রজেক্টে কিয়ারা থাকবেন কি না, সে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হলে আনুষ্ঠানিকভাবেই তা ঘোষণা করা হবে।
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো সফল সিনেমার এই প্রযোজক হয়তো আগামী বছরের নতুন কোনো প্রজেক্টের কথা মাথায় রেখেই কিয়ারাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ ওই পোস্টটি দিয়েছেন।
উল্লেখ্য, হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।