বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মার্কিন সাময়িকী ভ্যারাইটি প্রকাশিত এ তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা শাহরুখ। তার অবস্থান হলিউডের জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন, এডি মারফি, জেনডায়া ও সিলভেস্টার স্ট্যালোনের মতো তারকাদেরও ওপরে।
চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ৯০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ। তার অভিনয়ের বৈচিত্র্য, পর্দায় উপস্থিতি, রসবোধ এবং সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার দক্ষতার প্রশংসা করেছে ভ্যারাইটি। অভিনেতার ক্যারিয়ারের প্রতিনিধিত্বকারী সিনেমা হিসেবে তালিকায় রাখা হয়েছে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ২০০২ সালে মুক্তি পাওয়া ‘দেবদাস’। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন মাধুরী দীক্ষিত, ঐশ^রিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খের।
তালিকার শীর্ষে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। শীর্ষ পাঁচে আরও রয়েছেন জ্যাক নিকলসন ও ক্যাথরিন হেপবার্ন। এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার কথা ২৪ ডিসেম্বর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন।