তমা-মাহিকে সঙ্গে নিয়ে মস্তান-এ শুভ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম

আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জগৎ নিয়ে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মস্তান’। এই সিনেমায় দেখা যাবে আরিফিন শুভকে। তার সঙ্গে পর্দা ভাগ করবেন তমা মির্জা ও সামিরা খান মাহি। নির্মাতা কিসলু গোলাম হায়দারের প্রথম চলচ্চিত্র এটি।

বিজ্ঞাপন নির্মাণে দুই দশকের বেশি সময় পার করার পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও হাত পাকিয়েছেন কিসলু গোলাম হায়দার। অভিষেক সিনেমাতেই চেনা ও পরিচিত মুখদের নিয়ে সাজিয়েছেন তারকাবহুল কাস্ট। শুভ, তমা ও মাহি ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি অংশে থাকছেন চঞ্চল চৌধুরী।

গল্প কিংবা চরিত্রের পরতে পরতে কী চমক থাকছে, তা এখনই খুলতে নারাজ নির্মাতা। শুধু জানিয়েছেন, গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনাপ্রবাহ ঘিরে এগোবে এর কাহিনি। আগামী ২৫ নভেম্বর ঢাকার বাইরে ক্যামেরা ওপেন করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মস্তান’।

শুভ ও তমার জন্য এটি নতুন এক অধ্যায়। সবশেষ ২০২৫ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ‘মন যে বোঝে না’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের, যদিও ছবিটির শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে। এরপর শুভর ‘মালিক’ মুক্তি পায় গত ঈদুল আজহায়। অন্যদিকে ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমার কাজ সম্প্রতি গুটিয়েছেন তমা, যেখানে তার বিপরীতে আছেন আফরান নিশো।

এই সিনেমায় বিশেষ নজর কাড়ছেন সামিরা খান মাহি। নাটকের পরিচিত মুখ মাহির বড় পর্দায় হাতেখড়ি হচ্ছে ‘মস্তান’ দিয়েই। বর্তমানে তিনি অবস্থান করছেন পুয়ের্তো রিকোতে, মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে।

পাশাপাশি চঞ্চল চৌধুরীও যুক্ত হয়েছেন ‘মস্তান’-এ। ‘খলনায়ক’-এর পর শঙ্খ দাশগুপ্তর ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত