খোলপেটুয়ায় ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরের উপজেলায় খোলপেটুয়ায় নদীর পানিতে সাগর হোসেন নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মশিউর রহমান ইয়াসিন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার নাপিতখালী গ্রাম সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাগর হোসেন ওই এলাকার কবিরুল হাওলাদারের বড় ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সমাজকর্মী আবুল বাশার হেলাল বলেন, সকাল ১১টার দিকে সাগর হাওলাদার তার তিন বন্ধুর সঙ্গে খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নদীতে ডুবে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন। পরে জাল ফেলে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।

আরেক সন্তানের অসুস্থতার কারণে সাগরের বাবা কবিরুল হাওলাদার ও তার মা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন বলে জানান তিনি।