সর্বনিম্ন পুণ্যার্থী

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের রাসপূজার যাত্রা শুরু

এবারের রাস উৎসবে অংশ নিতে সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন থেকে পুণ্যার্থীরা যাত্রা করেছেন। এর মধ্যে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ৬টি ট্রলারে ১৮১ জন তীর্থযাত্রী ও ১৩ জন ক্রু এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন তীর্থযাত্রী ও ৩ জন ক্রু রয়েছেন। সব মিলিয়ে মোট ২০৮ জন তীর্থযাত্রী এবং ১৬ জন ক্রুসহ ২২৪ জন এই বহরে রয়েছেন।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জ থেকে ৭টি ট্রলারে ২২৪ জন পুণ্যার্থী ও ক্রু গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। যা ইতিহাসের যে কোন সময়ের সাথে তুলনা করলে সব থেকে কম সংখ্যক পুন্যার্থী যাচ্ছে এবার দুবলার চরে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন বলেন, রবিবার (২২ নভেম্বর) বেলা ১টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বনবিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলারগুলো দুবলার চরের উদ্দেশে ছেড়ে যায়। এবার কম সংখ্যক যাওয়ার বড় কারণ হতে পারে বৈরী আবহাওয়া।

এবারের রাস উৎসবে অংশ নিতে সাতক্ষীরা রেঞ্জের দুটি স্টেশন থেকে পুণ্যার্থীরা যাত্রা করেছেন। এর মধ্যে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ৬টি ট্রলারে ১৮১ জন তীর্থযাত্রী ও ১৩ জন ক্রু এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জন তীর্থযাত্রী ও ৩ জন ক্রু রয়েছেন। সব মিলিয়ে মোট ২০৮ জন তীর্থযাত্রী এবং ১৬ জন ক্রুসহ ২২৪ জন এই বহরে রয়েছেন।

যাত্রা শুরুর আগে বুড়িগোয়ালিনী স্টেশন ঘাটে বনবিভাগের পক্ষ থেকে প্রতিটি ট্রলারে নিবিড় তল্লাশি চালানো হয়। এ সময় পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় পাস-পারমিট, লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত সরকারি নিয়মকানুন কঠোরভাবে যাচাই করা হয়।

এসও এরফান উদ্দিন জানান, সরকারি নির্দেশনা ও বনের পরিবেশ রক্ষার শর্ত মেনেই পুণ্যার্থীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কোনো ট্রলারেই যেন অতিরিক্ত যাত্রী বহন করা না হয় এবং বনের ভেতর কেউ প্লাস্টিক বা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি রাখা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ‘সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী দুবলার চরে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।’

পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি আরও জানান, বনবিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে পুণ্যার্থীবাহী নৌযানগুলো নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে। উৎসব শেষে পুণ্যার্থী বহনকারী সব নৌযান নিরাপদে ফিরে না আসা পর্যন্ত বনবিভাগের টহলরত সদস্যরা সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নদীপথে সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবেন।

বন বিভাগের তথ্যকে উদ্ধৃত করে সুন্দরবন নিয়ে কাজ করা তরুণ বনজীবী আশিকুর রহমান জানান, সাতক্ষীরা রেঞ্জ থেকে ৭টি ট্রলারে ২২৪ জন পুণ্যার্থী ও ক্রু গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। যা ইতিহাসের যে কোন সময়ের সাথে তুলনা করলে সব থেকে কম সংখ্যক পুন্যার্থী যাচ্ছে এবার দুবলার চরে।এর বড় একটি কারণ হলো সুন্দরবনে বনদস্যুতা বৃদ্ধি পাওয়া।

উল্লেখ্য, প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের গহীনে বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরে এই ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হয়। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে বনবিভাগের পক্ষ থেকে কঠোর নিয়ন্ত্রণ ও কেবল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। # ২২ ১১ ২৬

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত