রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে বড় পদক্ষেপ যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের শীর্ষ পাঁচজন সামরিক নেতার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর বিবিসির।

১৯ নভেম্বর আইসিজে ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

যুক্তরাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী, সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ শীর্ষ কর্মকর্তা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মায়ো হুতুত হ্লাইং। মেজর জেনারেল মায়ো মিন তুন। মেজর জেনারেল মায়াত থেত উ। মেজর জেনারেল কিয়াও সোয়ে ও মেজর জেনারেল কিয়াও সোয়ার উ।

২০১৭ সালের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং ৭ লাখেরও বেশি মানুষ মিয়ানমার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আইসিজের এই রায়কে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন এবং কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ যোগ দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো এমন মর্মান্তিক অপরাধের প্রতি আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও যুক্ত করতে হবে।

মিলিব্যান্ড আরও বলেন যে, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, যিনি ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন, তিনি "ঘটে যাওয়া অনেক নৃশংসতার জন্য সরাসরি দায়ী", কারণ ২০১৭ সালের গণহত্যার সময় তিনিই সামরিক বাহিনীর প্রধান ছিলেন। মিয়ানমারকে অবশ্যই চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন নৃশংসতা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।

মিলিব্যান্ড আরও আহ্বান জানান, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে অবিলম্বে সংঘাত বন্ধ করা, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করা, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করা।

পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, দেশটিতে বিমান জ্বালানির সরবরাহ বন্ধ করার জন্য নতুন আইন পাস করা হবে। 

সোমবার তিনি সাংসদদের জানান যে, যুক্তরাজ্য এই সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং পনেরো দিনের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে দেওয়া রায়ে আদালত জানায়, বাংলাদেশ ও বঙ্গোপসাগর সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। মিয়ানমার তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছে।