৬ হাজার ৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পাঁচ দিনের মাথায় ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর তিনটি জাহাজে করে মিয়ানমারের ১ হাজার ৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে মিয়ানমার সরকারের খরচে উড়োজাহাজে করে আরও ৫ হাজার ৩০৩ জনকে ফেরত নেওয়া হবে।

এর পাঁচ দিন আগে গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা বিপুলসংখ্যক শরণার্থীর দীর্ঘদিনের অবস্থান নিয়ে মালয়েশিয়ার সরকার এখন ক্রমেই অসন্তোষ প্রকাশ করছে। মালয়েশিয়ার দাবি, শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক চাপের পাশাপাশি নিরাপত্তাঝুঁকিও তৈরি করছে।

গত সেপ্টেম্বরের শেষ দিকে একটি অস্পষ্ট প্রক্রিয়ায় প্রায় দেড় হাজার অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।

গত সপ্তাহে দেওয়া আইসিজের রায়ে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষকে দেশটির ভেতরে ও বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে হবে।

গত মাসে মিয়ানমারের সাবেক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয় মালয়েশিয়া। এ সিদ্ধান্তের সমালোচনা করে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এর মাধ্যমে মিয়ানমার সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে ফেরত পাঠানো শরণার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তার যোগাযোগের উদ্দেশ্য ছিল মালয়েশিয়ার স্বার্থ সুরক্ষা করা। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিপীড়নের শিকার মানুষদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেওয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্থিক সক্ষমতা মালয়েশিয়ার নেই বলে মন্তব্য করেন তিনি। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের প্রত্যাশাও বাস্তবে সফল হয়নি বলে জানান তিনি।

গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি মিয়ানমারে ফেরত পাঠানো শত শত অভিবাসীকে দেশটির সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে তারা মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে। মঙ্গলবারের বক্তব্যে আনোয়ার এ বিষয়ে নতুন করে কিছু না বললেও রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে মালয়েশিয়ার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। আইসিজের রায়েও এ উদ্বেগের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই মুসলিম রোহিঙ্গা। বিশ্বের সবচেয়ে বেশি নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে পরিচিত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে সহিংসতা ও বৈষম্যের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত