মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে দেশটির বিরুদ্ধে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এ রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে আদালতের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন কি না, নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার ফিরে পাবেন কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবর বিবিসি।
রায়ের খবর প্রকাশের পর বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে আনন্দ প্রকাশ করেন রোহিঙ্গা শরণার্থীরা। দীর্ঘদিন ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকা এসব মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশ সরকারও আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ রায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর সুযোগ তৈরি করবে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ের ভিত্তিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়বে। তবে প্রত্যাবাসন নিশ্চিত করা এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে আদালতের রায় কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
কারণ, আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ। আদালতের নিজস্ব কোনো কার্যকর প্রয়োগকারী বাহিনী নেই। ফলে মিয়ানমার রায় বাস্তবায়নে অনীহা দেখালে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপরই অনেকাংশে নির্ভর করতে হবে। এ কারণে অনেকে রায়টিকে রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি হিসেবে দেখলেও তাৎক্ষণিক প্রত্যাবাসনের নিশ্চয়তা হিসেবে দেখছেন না।
গাম্বিয়ার পক্ষে মামলায় যুক্ত মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস কেসি এ রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তার মতে, রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার সুযোগ তৈরিতে মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাবাসন সম্ভব না হলে রোহিঙ্গাদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া উচিত, তা আদালত মূল্যায়ন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, এ রায়ের পর মিয়ানমার সেনাবাহিনীর ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে আন্তর্জাতিক বিচার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে এমন রায় দেয়নি।
মামলার পটভূমি ও আদালতের পর্যবেক্ষণ
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে। অভিযোগে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযান এবং ধারাবাহিক নির্যাতন গণহত্যার শামিল। মামলার পর ২০২০ সালের জানুয়ারিতে আদালত একটি অন্তর্বর্তী আদেশ দেন। প্রায় ছয় বছর পর সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।
রায় ঘোষণার সময় মামলার প্রেক্ষাপট, সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি। তিনি জানান, ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে রাখাইনে সংঘটিত সহিংসতার শিকার ব্যক্তিদের বক্তব্য শুনেছে আদালত। গাম্বিয়ার পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীদের দেওয়া নির্দিষ্ট ঘটনার বিবরণ আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়েছে।
বিচারক মিয়ানমারের তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে ব্যর্থতা এবং আদালতের সঙ্গে অসহযোগিতার বিষয়টিও তুলে ধরেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে তাদের অধিকার সংকুচিত করা হয়েছে। এর ফলে তারা সমাজে প্রান্তিক ও বিশেষভাবে অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন। পাশাপাশি সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা উসকে দিয়েছে।
আদালত বিভিন্ন তথ্যপ্রমাণ পর্যালোচনা করে দেখতে পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। শিশুদের ওপরও চরম সহিংসতা চালানো হয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ও অনেক রোহিঙ্গা হামলার শিকার হয়েছেন।
বিচারক ইউজি জানান, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করার প্রমাণ পেয়েছে আদালত। রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও চিহ্নিত করেছে আইসিজে। কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য ও নিপীড়নের প্রমাণও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
বাংলাদেশে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামের একটি সশস্ত্র গোষ্ঠী প্রায় ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনাঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে মিয়ানমার সেনাবাহিনী সামরিক অভিযান শুরু করে। অভিযানের সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
নাফ নদী পেরিয়ে নৌকায় কিংবা দুর্গম পথ হেঁটে বাংলাদেশে প্রবেশ করেন তারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী আশ্রয়শিবির। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।
দীর্ঘদিন ধরে শিবিরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগ রয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, মাদক পাচার, অপহরণ ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত তীব্র হলে নতুন করে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন। ফলে শরণার্থী ব্যবস্থাপনায় বাংলাদেশের ওপর চাপ আরও বেড়েছে।
প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটবে কি
রোহিঙ্গা সংকট শুরুর পর মানবিক বিবেচনায় বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসিত হলেও প্রায় এক দশক পর সেই অস্থায়ী আশ্রয়ই দেশের জন্য দীর্ঘমেয়াদি সংকটে পরিণত হয়েছে।
বাংলাদেশ বরাবরই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছে। ২০১৭ সালের পর দুই দফায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসনসংক্রান্ত চুক্তি হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমার যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও পরিচয় যাচাইসহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হয়েছে।
অন্যদিকে, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান, তবে তাদের শর্তও রয়েছে। নাগরিকত্বের স্বীকৃতি, জানমালের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে তারা ফিরে যেতে আগ্রহী নন। রাখাইনের বর্তমান সংঘাতময় পরিস্থিতিও প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গা সংকটে নতুন মাত্রা যোগ করেছে। কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গারা এ রায়কে নিজেদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। তাদের অনেকে দ্রুত প্রত্যাবাসন শুরু হওয়ার প্রত্যাশা জানিয়েছেন।
তবে আদালতের রায়কে বাস্তবে রূপ দিতে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ, নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা জরুরি। এসব বিষয়ে অগ্রগতি না হলে ঐতিহাসিক এ রায়ের পরও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের এই রায় মিয়ানমারের অবস্থানে কতটা পরিবর্তন আনতে পারে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের স্বপ্ন বাস্তবায়নে কতটা ভূমিকা রাখবে।