রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ ও ‘সর্বসম্মত নয়’ বলে মন্তব্য করেছে দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার। খবর আনাদোলু এজেন্সি।
শুক্রবার (২০ নভেম্বর) প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, আদালতের রায় পর্যালোচনা করতে সরকারের আরও সময় প্রয়োজন। মিয়ানমারের সংবাদমাধ্যম ‘মিয়ানমার নাও’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খাইং খাইং সোয়ে বলেন, ‘১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। নয়জন বিচারক রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব, এই রায় ন্যায়সংগত হয়নি।’
রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও বিচারিক প্রতিষ্ঠান সম্পর্কে অবস্থানের কথাও উল্লেখ করেন।
বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালানোর সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে মিয়ানমার।
একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করে দেওয়া এই রায়কে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হয়েছে। আন্তর্জাতিক মহলেও রায়টি ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে।
২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় মিয়ানমারের সেনাবাহিনী বা তাতমাদোর প্রধান ছিলেন মিন অং হ্লাইং।
ওই অভিযানে হাজারো রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।