অবশেষে উইকেট এনে দিলেন খালেদ, অ্যাকারম্যানকে থামাবে কে? 

সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের শুরুতেও কাঙ্ক্ষিত উইকেটের খোঁজে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ; অন্যদিকে মার্কেস অ্যাকারম্যান ও জুবাইর হামজার দৃঢ়তায় অনেকটা ওয়ানডের গতিতে রান বাড়িয়ে লিড বড় করছিল দক্ষিণ আফ্রিকা। তবে দিনের প্রথম সেশনের মাঝামাঝি সময়ে অবশেষে উইকেট এনে দিলেন পেসার খালেদ আহমেদ। মাহফিজুলের ইসলাম রবিনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ২৭ রান করা হামজা।

তবে আরেক প্রান্তে থাকা অ্যাকারম্যান খেলে চলেছেন ওয়ানডে গতিতে। ইতিমধ্যে একাই করে ফেলেছেন প্রায় বাংলাদেশের ইনিংসের বেশি রান। ১১৭ বলে ১৭ চার ও ১ ছক্কায় তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। টানা দুটি চার মেরে সেঞ্চুরি তুলে শরীফুলের পরের বলেও মেরেছেন চার, এতে যেন এই প্রশ্নই এখন দাঁড়িয়েছে, এই অ্যাকারম্যানকে থামাবে কে? এদিকে হামজা আউটের পর নতুন ব্যাটার হিসেবে নেমেছেন টনি ডি জর্জি। এই মুহূর্তে ৩৪ ওভার শেষে ২ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬৭ রান। স্বাগতিকদের লিড ৭৬ রানের।

দ্বিতীয় দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ আরও পোক্ত করে নেয় দক্ষিণ আফ্রিকা। শরীফুলের করা দিনের দ্বিতীয় ওভারে ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে চার মেরে ৬১ বলে টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফিফটি পূর্ণ করেন অ্যাকারম্যান। সেই বাউন্ডারিতেই বাংলাদেশের প্রথম ইনিংসের ৯১ রান টপকে লিড নেয় স্বাগতিকরা। 

অ্যাকারম্যানের ফিফটির পর দ্রুতই জমে ওঠে দ্বিতীয় উইকেট জুটি। দলীয় সংগ্রহ একশ ছোঁয়ার পাশাপাশি ৬৪ বলে পূর্ণ হয় অ্যাকারম্যান ও হামজার পঞ্চাশ রানের জুটি। অনেকটা ওয়ানডের মেজাজে এগোতে থাকা এই জুটিতে চাপে পড়ে যান বাংলাদেশের বোলাররা। তবে সেই ডেডলক ভাঙেন খালেদ। ৩১তম ওভারে হামজাকে ফিরিয়ে। এতে ভাঙে অ্যাকারম্যান-হামজার ৯৬ রানের জুটি।

এর আগে প্রথম দিনে ব্যাট ও বল, উভয় বিভাগেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার পর টস হেরে মাত্র ৩৩ ওভার ৩ বলে ৯১ রানে অলআউট হয় সফরকারীরা, যেখানে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনের ২৩ রানই ছিল সর্বোচ্চ। সুপারস্পোর্ট পার্কে টেস্টের প্রথম ইনিংসে এটিই কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। জবাবে শুরুতে এইডেন মারক্রামের উইকেট পেলেও রিভিউ না নেওয়া এবং জুবাইর হামজার ক্যাচ হাতছাড়া করার মতো ভুলে আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। দিন শেষে ১ উইকেটে ৮৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল প্রোটিয়ারা।