আরো দুই উইকেট নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি থামাতে না পারায় সেই সাফল্যও স্বস্তি দিচ্ছে না সফরকারীদের। একের পর এক ক্যাচ মিসের পাশাপাশি স্বাগতিক ব্যাটসম্যানদের দৃঢ়তায় দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেও চাপে নাজমুল হোসেন শান্তরা। ৫ উইকেটে ৩৫৬ রান তুলে চা বিরতিতে গেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ইতোমধ্যে ২৬৫  রানের লিড নিয়েছে তারা। এই লিড বাড়িয়ে নিতে টনি ডি জর্জি ৬৩ এবং ভিয়ান মুল্ডার ৩৩ রান নিয়ে তৃতীয় ও শেষ সেশন শুরু করবেন।

দিনের দ্বিতীয় সেশনের শুরুর দিকে খালেদ আহমেদের বলে ম্যাথু ব্রিটস্কিকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এই ব্যাটসম্যান। শর্ট কাভারে দাঁড়িয়ে সহজ ক্যাচটি নেন জাকের আলী। ৩৯ বলে ৪টি চারের সাহায্যে ২০ রান করে সাজঘরে ফেরেন ব্রিটস্কি। অথচ এর আগেই তার ইনিংস শেষ করার সুযোগ পায় সফরকারীরা। ১০ রানে থাকতে এবাদতের হোসেনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। কিন্তু নাজমুল হোসেন শান্ত সেটি ধরতে পারেননি।

ব্রিটস্কির বিদায়ের পর রায়ান রিকেলটনকে ফেরান শরীফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে শর্ট বল পেয়ে কাট করতে গিয়েছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। তবে ব্যাটে-বলে সংযোগ ঠিকঠাক না হওয়ায় বল উঠে যায় ডিপ পয়েন্টে। সেখানে জাকেরের হাতে ধরা পড়েন ২৪ বলে ২০ রান করা রিকেলটন। তার বিদায়ে ভাঙে ৫০ বলে ৪৩ রানের জুটি।

তবে উইকেট পাওয়ার আনন্দের চেয়ে ক্যাচ মিসের আক্ষেপই বেশি বাংলাদেশ শিবিরে। টনি ডি জর্জিকে ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ। নিজের বলে ফিরতি ক্যাচ ফেলে দেন এই পেসার। অন্যদিকে মুমিনুল হকের পরপর দুই বলে জর্জিকে ঘিরে দুটি রিভিউয়ের ঘটনাও ঘটে। প্রথমবার বাংলাদেশের রিভিউয়ে আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি। পরের বলে আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে সফল হন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। পরে ফিফটি তুলে নেন ডি জর্জি।

এর মধ্যে পিঠের অস্বস্তিতে মাঠ ছাড়েন লিটন দাস। ৬৫তম ওভারের পর ফিজিওর শুশ্রূষা নিয়েও বেশিক্ষণ কিপিং করতে পারেননি তিনি। তার জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন জাকের।

সর্বশেষ সর্বাধিক পঠিত