সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও দাপট দেখিয়ে বড় লিডের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা; মার্কেস অ্যাকারম্যানের ১৫০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে সেশন শেষে ৩ উইকেটে ২২৮ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৯১ রানের চেয়ে এখন ১৩৭ রানে এগিয়ে প্রোটিয়ারা।
দিনের শুরুতে দ্রুতই জমে ওঠে অ্যাকারম্যান-হামজার জুটি। ওয়ানডের মেজাজে এগোতে থাকা ১২৯ বলের সেই ৯৬ রানের জুটি অবশেষে ৩১তম ওভারে ভাঙেন খালেদ আহমেদ। স্টাম্পে থাকা ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে গালিতে দাঁড়ানো মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দেন ৬১ বলে ২৭ রান করা হামজা।
হামজা ফিরলেও থামানো যায়নি অ্যাকারম্যানকে। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান ৩০ বছর বয়সী এই ব্যাটার; শরীফুলের ওভারে পরপর চার মেরে ১১১ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের প্রথম ছয় ইনিংসে ফাফ ডু প্লেসির ৪৪৫ রানের প্রোটিয়া রেকর্ড টপকে যান তিনি (যদিও শুরুর ছয় ইনিংসে ভিনোদ কাম্বলির ৬৬৯ রানের বিশ্বরেকর্ড এখনো অক্ষত)।
এরপর টনি ডি জর্জিও জীবন পান, ৪২তম ওভারে তাসকিন আহমেদের ফিরতি ক্যাচ হাতছাড়া হয়, তখন ৭ রানে ব্যাট করছিলেন ডি জর্জি। অবশেষে ৪৪তম ওভারে অ্যাকারম্যানকে থামান শরীফুল; আগের বলে চার মেরে দেড়শ ছোঁয়ার পরের বলেই ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করা অ্যাকারম্যান, ভাঙে ডি জর্জির সঙ্গে তাঁর ৭৮ বলের ৭৪ রানের জুটি।
এদিকে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড এটিই। এর আগে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে দেড়শ রান করেছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। তালিকার তিন নম্বরেও আছেন এই অ্যাকারম্যানই। আগের ম্যাচে জোহানেসবার্গ টেস্টে ১৬০ বলে দেড়শ করেছিলেন তিনি।
প্রথম সেশনে ২৯ ওভারে প্রোটিয়ারা ১৪০ রান তোলার পথে শান্তদের অর্জন কেবল এই ২ উইকেট। এর আগে দিনের শুরুর দিকে দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টায় ছিল বাংলাদেশ। তবে প্রথম ঘণ্টায় হামজা ও অ্যাকারম্যানকে আটকাতে না পারায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। আগের দিন বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার পর টস হেরে মাত্র ৩৩ ওভার ৩ বলে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
অবশেষে উইকেট এনে দিলেন খালেদ, অ্যাকারম্যানকে থামাবে কে?