কুমিল্লার সদর দক্ষিণে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি-১১)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সদর দক্ষিণ মডেল উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল (৩৫)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াই বাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এসআরবি-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২)-এর কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সোহেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, একটি ডাকাতি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সাজা এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
এসআরবি-১১ জানায়, সাজা কার্যকরের লক্ষ্যে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।