কুমিল্লায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন মুন নামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নগরের সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান স্বাক্ষরিত জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে।
গ্রেপ্তার মোশাররফ হোসেন (৩০) কুমিল্লা সিটি করপোরেশনের ২১নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি আসামি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।