ফেনীতে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন-সম্প্রীতি অলিম্পিয়াড 

দেশে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, মত ও পথের ভিন্নতা থাকলেও একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিভেদ নয়, পারস্পরিক সম্মান ও সহনশীলতার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ফেনীর একটি কনভেনশন সেন্টারে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬-এ বক্তারা এসব কথা বলেন। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ; সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের ছয় জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কেরা অংশ নেন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজনের ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ফেনীর উপপরিচালক মো. জাকির হোসেন।

দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো. রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।বক্তারা বলেন, কোনো মানুষ একা ভালো থাকতে পারে না। নিজের ভালো থাকার জন্য পরিবার, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকাও জরুরি। তাই সবাইকে নিয়ে ভালো থাকার পরিবেশ তৈরিতে তরুণদের দায়িত্ব নিতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।

তারা আরও বলেন, নিজের মতের সঙ্গে মিল থাকলে অন্যের কথা ভালো লাগে, কিন্তু মতের অমিল হলেই অনেক সময় মানুষ অসহিষ্ণু হয়ে ওঠে। এ ধরনের প্রবণতা পরিহার করতে হবে। সমাজের সব মত ও পথের মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বাড়লে সমাজ ও রাষ্ট্র আরও সুন্দর হয়ে উঠবে।

সম্মেলনে জেলা পর্যায়ে তরুণ শান্তি সহায়কদের পক্ষে বক্তব্য দেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান এবং ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ। অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে বিজয়ী ১৫ তরুণের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিরা।