রোমাঞ্চকর ভ্রমণ যাত্রাবিরতি

মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, আনন্দ-বেদনা আর পারিবারিক ভ্রমণ ঘিরে নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’। চরকির প্রযোজনায় এটি পরিচালনা করছেন কাজী আসাদ। অভিনয় করছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন ও রুদ্র রয়সহ অনেকে।

২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে এরই মধ্যে কুয়াকাটায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন সুমাইয়া শিমু। অন্যদিকে ‘যাত্রা বিরতি’ দিয়েই প্রথমবারের মতো প্রেক্ষাগৃহের জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন কাজী আসাদ। এর আগে তিনি চরকির জন্য নির্মাণ করেছেন ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও চলচ্চিত্র ‘লাইফলাইন’।

সিনেমাটিতে মোশাররফ করিম ও সুমাইয়া শিমুকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে। গল্পে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান। সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে সুমাইয়া শিমু জানান, গল্প ও নিজের চরিত্র পছন্দ হওয়ায় কাজটিতে যুক্ত হয়েছেন।

সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। এটি চরকির ‘সিনেমা ইনিশিয়েটিভ’ প্রকল্পের নতুন আয়োজন।