মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ এএম

নিজস্ব মাটিতে আয়োজিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী সুন্দরী জেনিফার ব্যারেটোর মাথায়। গত ২৪ নভেম্বর সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে টপকে বিজয়ী ঘোষিত হন তিনি। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

জেনিফারের মাথায় ওঠা বিশেষ মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’। ভেনেজুয়েলার স্বনামধন্য জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশায় তৈরি এই মুকুটে ৩ হাজার ১৫০টি হীরা বসানো হয়েছে। এই সাফল্যের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব পেল পুয়ের্তো রিকো।

চূড়ান্ত পর্বে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপের স্থান অর্জন করেন।

পুরো গ্র্যান্ড ফিনালে যৌথভাবে সঞ্চালনা করেন মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন জুরি হল এবং মিস ইউনিভার্স ১৯৯৩ দায়ানারা তোরেস।

সর্বশেষ সর্বাধিক পঠিত