মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহি শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি। প্রায় ৮ কোটি ভোট পাওয়ার পরও সেমিফাইনালের প্রথম ধাপ থেকেই তাকে বিদায় নিতে হয়েছে।
কাক্সিক্ষত ফল না আসায় গতকাল বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহি। পাশাপাশি পুরো যাত্রায় পাশে থাকা, ভোট দেওয়া এবং দোয়া করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ওই পোস্টে মাহি লেখেন, তাকে নিয়ে দেশের মানুষের অনেক আশা ও প্রত্যাশা ছিল। বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরতে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তিনি। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এই প্রতিযোগী।
এই অভিজ্ঞতাকে অবশ্য ব্যর্থতা মানতে নারাজ মাহি। তার মতে, সব চেষ্টা সবসময় ফল না দিলেও পাওয়া অভিজ্ঞতা ও মুহূর্তগুলো সারাজীবনের স্মৃতি হয়ে থাকে। যেকোনো সাফল্যের চেয়ে দেশের মানুষের ভালোবাসাকেই বড় করে দেখছেন তিনি।
এবারের মিস ইউনিভার্স আসরে ১১৬টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়েছেন মাহি। গ্র্যান্ড ফিনালের প্রায় এক ঘণ্টা আগ পর্যন্ত দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। জাতীয় পোশাকে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেও প্রশংসা কুড়িয়েছেন সামিরা খান মাহি।