অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার গানে প্লেব্যাক করতে যাচ্ছেন তিনি। পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। গান গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন বুবলী।
নির্মাতা জানান, সিনেমাটিতে কয়েকটি রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লাগায় তাকে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি অভিনেত্রীকে দিয়ে একটি মৌলিক গান করানোর পরিকল্পনাও করেন তিনি। গানটির প্রস্তুতি প্রায় শেষ। এর আগে ‘ইত্যাদি’তে গান গেয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বুবলী।
পুরান ঢাকার মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। আরও রয়েছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু। আগামী ১৫ জানুয়ারি পুরান ঢাকায় নতুন লটের শুটিংয়ে অংশ নেবেন বুবলী।