গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করায় শ্রমিক মজুরি বোর্ডের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা করেছেন শ্রমিকদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ব্যানার নিয়ে মহাসড়কের ওই এলাকায় মিছিল করেন নেতাকর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। সভায় বক্তারা শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, শ্রমিক মজুরি বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত মেনে নিতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান তারা।
এছাড়া ন্যূনতম মজুরি ঘোষণা করায় মালিকপক্ষ, শ্রমিক এবং মজুরি বোর্ডের সব সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানান শ্রমিক নেতারা।
পথসভায় বক্তব্য দেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক সামসুল আলম ও জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন প্রমুখ।