গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের মুজরি বৃদ্ধির সুযোগে বাড়ির মালিকরা যেন বাসা ভাড়া বাড়িয়ে না দেন সে জন্য অনুরোধ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, বেতন বাড়ানোর পর যদি সেই সুযোগ নিয়ে শ্রমিকদের বসবাসের বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকদের আর্থিক স্বস্তি ব্যাহত হবে। তাদের বাড়তি আয়ের সুফল নিশ্চিত করতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা।
এ সময় এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার কিছুটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়ানো হলে শ্রমিকদের সেই বাড়তি আয়ের বড় অংশই ভাড়ার পেছনে চলে যাবে। ফলে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল তারা পাবেন না। তাই শ্রমিকদের আর্থিক স্বস্তির কথা বিবেচনা করে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজ উদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বাড়ির মালিকেরা। এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।