মৃত্যুর দুই বছর পর মামলার আসামি হলেন দুই জনপ্রতিনিধি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

গাজীপুরের শ্রীপুরে মৃত্যুর দুই বছর পর একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি হলেন সাবেক দুই জনপ্রতিনিধি। তাদের একজন ইউপি সদস্য (মেম্বার) অপরজন পৌর কাউন্সিলর ছিলেন। 

মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তারা মামলার আসামি হয়েছেন। এ নিয়ে মৃতের দুই পরিবারে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝেও সৃষ্টি হয়েছে ক্ষোভ। তাদের অভিযোগ পুলিশ মিথ্যা মামলার বাণিজ্য বাড়াতে এমন আজগুবি আসামি করেন। এটা চরম অপরাধ দায়িত্বহীনতা। তাদের প্রশ্ন, মৃত্যুর পরও কীভাবে কেউ সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে পারে পুলিশ তা স্পষ্ট করুক। 

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় ১১১ জনকে আসামি করা হয়েছে। 

তাদের মধ্যে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে।

একই মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি উপজেলার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

জানা যায়, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মৃত (সাবেক পৌর কাউন্সিলর) আলী আজগরের আত্মীয় ফজলে রাব্বী বলেন, একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর মামলার আসামি হলেন। তাও সন্ত্রাসী কার্যক্রম করার অপরাধে। তিনি বলেন এটা বিস্ময় হলেও পুলিশ সহজেই মৃতদের আসামি করে দিলেন। এটাই প্রমাণ করে পুলিশ কতটা গাফিলতিতে কাজ করেন। আমরা কবে এমন অপকর্ম থেকে বের হবো সে প্রশ্ন সবার মাঝেই আছে।

মৃত (সাবেক ইউপি সদস্য) ইদ্রিস আলীর এক স্বজন নাম প্রকাশ না করে বলেন,  একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন এটাই বিস্ময়। ইদ্রিস আলী ২০২৪ সালের  মারা গেছেন। প্রাই দুই বছর পর তাকে পুলিশ আসামি করলো একটি সন্ত্রাসী মামলায়। এটা আমাদের পরিবারের সদস্যদের দারুণ কষ্ট দিয়েছে। 

এ বিষয়ে মামলার বাদী শ্রীপুর মডেল থানার এসআই মোশারফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, এ মামলার বিষয়ে আমি কিছুই জানিনা। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে বাদী করেছেন আমি বাদী হয়েছি এটুকু বলতে পারি। এরপর তিনি ফোন রেখে দেন।

স্থানীয় মানবাধিকার কর্মী সাঈদ চৌধুরী বলেন- এমন কাণ্ডে মামলার প্রকৃত আসামিরা ছাড়া পাবে। এটা যে কোনো মামলার দুর্বল দিক মন্দ দিক। এতে পুলিশের নিয়মিত কর্ম নিয়ে মানুষের মাঝে আরও নেতিবাচক বার্তা ছড়াবে। পুলিশের আরও দায়িত্বশীল হতে হবে যে কোনো মামলা রুজু করার সময়। নইলে পুলিশের কর্মে বিতর্ক বাড়বে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, মামলায় অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই দুজনের নাম বাদ দেওয়া হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত