পূর্ণিমায় বাউল গানে মুখর ব্রহ্মপুত্রপাড়

ময়মনসিংহ বাউল সমিতির উদ্যোগে নগরীর হজরত বোরহান উদ্দিন বুড়াপীর শাহর মাজারসংলগ্ন এলাকায় প্রতি পূর্ণিমায় মরমি গানের আসর বসে। বুধবার (২৫ নভেম্বর) রাতে সপ্তমবারের মতো ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানায়, অনুষ্ঠানটি সাজানো হয়েছিল দুটি পর্বে। প্রথম পর্বে মাগরিবের নামাজের পর বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় মিলাদ ও দরুদ পাঠ। পরে এশার নামাজের পর মূল বাউল ও ভক্তিগীতির আসর শুরু হয়। গান চলে গভীর রাত পর্যন্ত।

খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের আলোয় বাউলশিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় লালনসহ বাংলার চিরায়ত মরমি ও লোকসংগীত। একতারা, দোতারা, বাঁশি ও ঢোলের সুরে মুখর হয়ে ওঠে নদীর পাড়। সুরের আবেশে মুগ্ধ হয়ে গান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

আয়োজকদের দাবি, এটি শুধু গান শোনার আয়োজন নয়, বরং বাউল দর্শন, মানবপ্রেম, আধ্যাত্মিকতা ও বাংলার লোকজ সংস্কৃতির চর্চাকে ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ।

ময়মনসিংহ বাউল সমিতির যুগ্ম সম্পাদক শাহিন আনোয়ার জানান, বাংলার চিরায়ত বাউল দর্শন ও লোকসংগীতের ধারা সবার মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত এ আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতি মাসে অন্তত ১০ বাউলশিল্পীকে নিয়ে ব্রহ্মপুত্রের পাড়ে গানের আসর বসানো হয়।

এই আয়োজনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সহযোগী হিসেবে যুক্ত হয়েঠে। সংগঠনগুলো হলো উজ্জ্বল সংগীত শিক্ষালয়, ইন্টেলেকচুয়াল কর্নার, নৃত্যগ্রাম, নিরাপদ সড়ক চাই, অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহ সাহিত্য সংসদ, বিভাগীয় চারুশিল্পী পর্ষদ, নবব্রতী (একটি শৈল্পিক শিক্ষাজ্ঞন), রঙ্গভূমি থিয়েটার, রাংচিতা সাংস্কৃতিক একাডেমি, চরৈবেতি শিল্প শিক্ষালয়, ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, পরম্পরা, সন্দীপন সাংস্কৃতিক সংস্থা, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ একাডেমি অব  ফাইন আর্টস, বহুরূপী নাট্য সংস্থা এবং শাপলা থিয়েটার।