ময়মনসিংহে সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সরকারি ব্যয় কমাতে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরগুলোর নিজস্ব ভবনে সৌরভিত্তিক রুফটপ সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় সরকারি দপ্তরের নিজস্ব ভবনে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন, ব্যবস্থাপনা, বাস্তবায়ন পদ্ধতি এবং এ ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, আগ্রহপত্র বা ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) পদ্ধতিতে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব আহ্বান ও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে। সরকারের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নির্ধারিত প্ল্যাটফর্মে প্রস্তাব পাঠানোর পর ভবনের মালিকানাধীন দপ্তরকে সর্বোচ্চ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।

এ ক্ষেত্রে ভবনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য, সেবামূল্য এবং ছাদে সোলার প্যানেল স্থাপনের উপযোগিতা বিবেচনা করা হবে। যেসব ভবনের অবশিষ্ট আয়ুষ্কাল কমপক্ষে ১৫ বছর এবং ভবিষ্যতে ভবনের ওপর নতুন তলা নির্মাণের পরিকল্পনা নেই, সেসব ভবনে সোলার প্যানেল স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।

সভায় আরও জানানো হয়, সরকার তিনটি পদ্ধতিতে রুফটপ সোলার বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এগুলো হলো-নিজস্ব অর্থায়নে ক্যাপেক্স, পরিচালন ব্যয়ভিত্তিক ওপেক্স এবং বেসরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি সহযোগিতা। স্থানীয় সরকার বিভাগ ছাড়া অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওপেক্স মডেল অনুসরণের কথা জানানো হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, এ কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

তিনি জেলার স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বিশেষভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। কারণ, এ দুই বিভাগের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে বিপুলসংখ্যক সরকারি ভবন রয়েছে। এসব ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে কার্যক্রম বাস্তবায়ন অনেকটাই এগিয়ে নেওয়া সম্ভব হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সৌরভিত্তিক রুফটপ সোলার সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সরকারি বিদ্যুৎ ব্যয় কমানো সম্ভব হবে। একই সঙ্গে এ খাতে নতুন বিনিয়োগের সুযোগও তৈরি হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানোর অনুরোধ জানান তিনি।

এ সময় ময়মনসিংহ জেলা পানি উন্নয়ন বোর্ড সর্বপ্রথম প্রস্তাব পাঠানোয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা ।




 

সর্বশেষ সর্বাধিক পঠিত