অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম: মির্জা ফয়সল এমপি

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেছেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ মানুষের কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। এ খাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার একটি অংশ এই প্রাণীসম্পদ সপ্তাহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন ।
এমপি ফয়সল আমীন বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের পশুপাখি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে হবে।

পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ,চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে খামারিরা নতুন প্রযুক্তি ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও খামারিরা।আলোচনা শেষে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত এই মেলার ১৫টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সেবা প্রদান করা হবে।