ককটেল নিক্ষেপ: ১২শ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ককটেল নিক্ষেপের অভিযোগে ১২শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রানীশংকৈল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন পৌর যুবদলের সভাপতি মাহাবুব হোসেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১১০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হন। সেখানে মশাল জ্বালিয়ে নাশকতার উদ্দেশ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন তারা। এ সময় বিএনপি নেতা মাহাবুব এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, রেজওয়ানুল হক রঞ্জু ও জাহাঙ্গীকে গ্রেপ্তার করা হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

সর্বশেষ সর্বাধিক পঠিত