চন্দনাইশে মাহিন্দ্রার ধাক্কায় প্রাণ গেল সাবেক শিক্ষকের

চট্টগ্রামের চন্দনাইশে ওভারটেক করতে গিয়ে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মো. ইসহাক (৭২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ শহীদ (৪৫) নামে এক টমটমচালক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাছবাড়িয়া-বরকল সড়কের চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসহাক।

নিহত মো. ইসহাক চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান মধ্যম চন্দনাইশের ফতেহ আলী সিকদার বাড়ি এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন।

আহত টমটমচালক মোহাম্মদ শহীদ চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হাশিমপুর এলাকার মোহাম্মদ নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চন্দনাইশ থেকে গাছবাড়িয়ামুখী সড়কে একটি মাহিন্দ্রা গাড়ি টমটমকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী ইসহাককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। একই সময় পাশে থাকা টমটমটি সড়কের পাশে পড়ে যায়। এতে চালক শহীদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ইসহাক ও শহীদকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসহাকের মৃত্যু হয়। শহীদ বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই দানু মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা মাহিন্দ্রা ও টমটম গাড়ি দুটি আটক করেন।