চাটমোহরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুজনের প্রাণহানি ঘটেছে এবং আরও দুজন গুরুতর জখম হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস সংলগ্ন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

​নিহত দুজন হলেন—চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) ও মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

​এ ঘটনায় আহত হয়েছেন নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরে চাটমোহর রেলবাজার (অমৃত কুন্ডা) হাটে বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্য নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে রওনা হয়েছিলেন নজরুল ইসলামসহ কয়েকজন। ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ভ্যানটির শ্যাপ ভেঙে বিকল হয়ে পড়ে। ঠিক সে মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

​চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যানটি পুলিশ জব্দ করেছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।