পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু গত দুই যুগ ধরে কোনো কাজে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক (এ্যাপ্রোচ রোড) না থাকা ও সেতুর প্রস্তুত কম হওয়ায় এখন এটি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে স্থানীয় পাঁচ-ছয়টি গ্রামের হাজারো মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। সরকারি অর্থে নির্মিত এই জনগুরুত্বপূর্ণ অবকাঠামোটি এখন দ্বীপের মতো একা দাঁড়িয়ে আছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সালে সমাজ মিয়াপাড়া-বলচপুর সংলগ্ন করতোয়া নদীর শাখা সমাজ ঝিটকি কাটা নদীর ওপর ৭০ ফুট দীর্ঘ এই কংক্রিটের সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকেই সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি বন্যায় ধসে যায়। এরপর দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও তা আর সংস্কার করা হয়নি। ফলে প্রথম থেকেই সেতুটি জনসাধারণের কোনো উপকারে আসেনি।
সেতুটি অকেজো থাকায় সমাজ, বলচপুর, মিয়াপাড়া, গদাইরূপসি, বানিয়াবহু, সাতবাড়িয়া ও ময়দানদিঘীসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষকে বাধ্য হয়ে দীর্ঘ ৪ থেকে ৫ কি. মি. পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে বাজারে নিতে পারছেন না, যা তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এলাকার দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণ করা হলেও এখন সেটিই আরেকটি দুর্ভোগের কারণ জানিয়ে আক্ষেপ করে সমাজ গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসান জানান, প্রায় ২৫ বছর আগে ৭০ ফুট দীর্ঘ এই সেতুটি তৈরি করা হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এটি কখনোই ব্যবহার করা যায়নি। ফলে সেতুটি এখন অযত্নে পড়ে আছে বলে জানান তিনি।
মিয়াপাড়ার বাসিন্দা আবদুল কুদ্দুস জানান, সেতুটি নির্মাণ করা হলেও দীর্ঘ বছরেও এলাকাবাসীর সুফল পায়নি। সেতুর দু’পাশে গোড়ায় মাটি ভরাট ও রাস্তাটি উঁচু করে নির্মাণ না করায় আমাদের যাতায়াতে দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত সেতু নির্মাণ ও সংযোগ সড়কের দাবি জানান তিনি।
বলচপুর ও ময়দানদীর্ঘির জালাল হোসেন ও আলাউদ্দিন জানান, বলচপুর, গদাই রূপসী, বানিয়াবহু, ময়দানদীর্ঘি ও সমাজ গ্রামের হাজারো মানুষ এই পথ দিয়ে চলাচল করে। এলাকার শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার একমাত্র পথ এটি। বর্ষা মৌসুমে নৌকা পথে চলাচল করলেও শুকনো মৌসুমে এই পথ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও সংযোগ সেতুটি না থাকায় এই এলাকার উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে দ্বিগুণ খরচ বহন করতে হয় এবং সময়মতো বাজারে পৌঁছানোও সম্ভব হয় না। এতে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন স্থানীয় কৃষকরা। বর্তমান সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ এবং দ্রুত সংযোগ সড়ক তৈরির জোড় দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. এজাজুল আলম বলেন, ইতিমধ্যে ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। ব্রিজটি ভেঙে পুনরায় নির্মাণ এবং সংযোগ সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।