আটটি দেশে মোড়ক উন্মোচনের পর ঢাকায় প্রকাশিত হয়েছে স্থপতি রফিক আজমের বই রফিক আজম: ওল্ড ঢাকা – নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ। ২৮ নভেম্বর রাজধানীর আগা খান একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
২৭ ও ২৮ নভেম্বর ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’ শীর্ষক দুই দিনের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ও বিদেশের ২০ জনের বেশি স্থপতি ও সৃজনশীল পেশাজীবী অংশ নেন। ‘সেলিব্রেশন ফর অল থ্রু আর্কিটেকচার’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রিজোলি নিউইয়র্ক থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন রোজা মারিয়া ফালভো। এতে স্থাপত্যের সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি, জলবায়ু ও প্রতিবেশের সম্পর্ক তুলে ধরা হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও স্পেনে বইটির মোড়ক উন্মোচন হয়।
রফিক আজম বলেন, পুরান ঢাকায় বেড়ে ওঠা এবং পরিবারের বাড়ির উঠান তার স্থাপত্যভাবনায় প্রভাব ফেলেছে। ঘনবসতিপূর্ণ শহরেও সবুজ ও ব্যক্তিগত পরিসরের সুযোগ রাখা যায়—শৈশবের সেই অভিজ্ঞতা তিনি নিজের কাজে ধারণ করেছেন। ঢাকায় বইটির প্রকাশনাকে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন, কারণ এখানেই তাঁর গল্পের শুরু।
উদ্বোধনী বক্তব্যে স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস রফিক আজমকে ‘টোটাল আর্কিটেক্ট’ ও বাংলাদেশের সবুজ স্থাপত্যের পথিকৃৎ হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে স্থপতি জান্নাত জুঁইসহ দেশি-বিদেশি বক্তারা অংশ নেন। জান্নাত জুঁই বলেন, স্থাপত্য ভবন নির্মাণের পাশাপাশি মানুষ, প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রদায়কে যুক্ত করে। তিনি আশা প্রকাশ করেন, বইটি তরুণ স্থপতিদের নিজেদের পরিবেশ থেকে শিখতে উৎসাহিত করবে।
আলোচনা সভা ছাড়াও ছিল রফিক আজমের লেখক-উপস্থাপনা, তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র বিটুইন লাইট অ্যান্ড আর্থ প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী। আয়োজকদের তথ্য অনুযায়ী, বইটি বিশ্বের প্রায় ৭০টি দেশে পাঠানো হয়েছে। নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট, লন্ডনের টেট মডার্ন ও প্যারিসের সেন্টার পম্পিদুসেও এটি পাওয়া যাবে।