প্রতিটি সাহিত্যের একটা জন্মভূমি থাকে। সাহিত্যের সীমানা নেই বটে, কিন্তু ভূমি আছে। কোনো অঞ্চলের কষ্ট, কোনো অবস্থার চাপ কিংবা কোনো সমাজের ভেতরের জীবন থেকে নতুন নতুন সাহিত্যধারা তৈরি হয়েছে। ফিলিস্তিনিদের উচ্ছেদ ও প্রতিরোধ থেকে এসেছে ‘ফিলিস্তিনি সাহিত্য’, কারাগারের অভিজ্ঞতা থেকে ‘কারা-সাহিত্য’, আর দেশ ছেড়ে যাওয়া মানুষের টান ও বিচ্ছেদ থেকে ‘ডায়াস্পোরা সাহিত্য’। এসব ধারাকে লেখকের ধর্ম বা পেশা দিয়ে চেনা যায় না; চেনা যায় অভিজ্ঞতার নির্দিষ্ট ভূখণ্ড দিয়ে। এই মাপকাঠিতে বাংলা সাহিত্যে এখন আরেকটি নাম শোনা যাচ্ছে—মাদ্রাসা সাহিত্য। প্রশ্ন হলো, এটা কি সত্যিই একটি সাহিত্যধারা, নাকি গুটিকতক লেখকের সুবিধাজনক লেবেল?
মাদ্রাসা সাহিত্য কী
মাদ্রাসা সাহিত্য মানে ওয়াজ, নসিহত, ফতোয়া বা মাসআলার বই নয়। সেসবের নিজস্ব পাঠক ও মর্যাদা আছে, কিন্তু লক্ষ্য—শেখানো বা নির্দেশ দেওয়া। ধর্মীয় সাহিত্য কিংবা ইসলামি সাহিত্যের সঙ্গে মাদ্রাসা সাহিত্যকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। এর লক্ষ্য—গল্প বলা, মানুষকে দেখা এবং অভিজ্ঞতাকে ভাষা দেওয়া। সহজ করে বললে, মাদ্রাসার জগৎকে কেন্দ্র করে কিংবা মাদ্রাসা-জগতের মানুষের লেখা সৃজনশীল রচনাই মাদ্রাসা সাহিত্য। গল্প, উপন্যাস, কবিতা, মুক্তগদ্য, স্মৃতিকথা—সবই এর অন্তর্ভুক্ত।
এই সাহিত্যের লেখকদের মোটামুটি তিন ভাগে ফেলা যায়। এক. ভেতরের লেখক, যারা আগাগোড়া মাদ্রাসাপড়ুয়া; অনেকে এখনো পড়েন বা পড়ান। তাদের লেখায় অভিজ্ঞতা থাকে তাজা, ভাষাও হয় ঘরের ভাষা। দুই. প্রাক্তন শিক্ষার্থী, যাদের শেকড় মাদ্রাসায়, কিন্তু এখন সে পথে নেই। তাদের লেখায় স্মৃতিকাতরতা, সমালোচনা, আত্মসমালোচনা কিংবা দূর থেকে দেখার দৃষ্টি থাকে। তিন. বাইরের পর্যবেক্ষক, যারা মাদ্রাসায় পড়েননি, কিন্তু এই জগৎ নিয়ে লেখেন বা জানতে চান।
এই সাহিত্যের রসদও বিচিত্র : ফজরের আজান ও তাহাজ্জুদের জায়নামাজ দিয়ে দিনের শুরু, আবাসিক জীবনের একাকিত্ব, উস্তাদ-শাগরেদের সম্পর্ক, নিয়মের কড়াকড়ি, তার আড়ালে কিশোর মনের কৌতূহল, ফারেগ হওয়ার পর সমাজে নিজের জায়গা খুঁজে ফেরার দুশ্চিন্তা, ভেতরে চেপে রাখা খেদ, শিক্ষক জীবনের অভিজ্ঞতা, যুক্তি, বোধ, অক্ষমতা ও ক্ষোভ। এখানে ধর্মতত্ত্বের চেয়ে বড় হয়ে উঠতে পারে মানুষের গল্প।
স্বতন্ত্র সাহিত্যধারা হিসেবে মাদ্রাসা সাহিত্য
প্রতিটি জীবনের নিজস্ব ভূখণ্ড থাকে। রুশ সাহিত্যতাত্ত্বিক মিখাইল বাখতিন বলেছেন, গল্পে সময় ও জায়গা এমনভাবে জড়িয়ে যায় যে প্রতিটি জগতের নিজস্ব ছন্দ তৈরি হয়। মাদ্রাসার জীবনেও সেই ছন্দ স্পষ্ট : আজান আর সবকের ঘণ্টায় বাঁধা দিনমান, হুজরা, কিতাবখানা ও মসজিদের বারান্দায় ঘেরা জীবন। ফরাসি সমাজতাত্ত্বিক পিয়ের বুরদিয়ের মতে, যে পরিবেশে মানুষ বড় হয়, সেখান থেকে সে রুচি, অভ্যাস ও দেখার একটি বিশেষ ভঙ্গি সঙ্গে নিয়ে বেরোয়। মাদ্রাসাপড়ুয়া লেখকও তাই শুধু বিষয় নিয়ে আসেন না, নিয়ে আসেন দেখার একটি স্বতন্ত্র ভঙ্গি।
ভাষারও নিজস্ব বাঁক থাকে। ফরাসি দার্শনিক জিল দেলুজ ও ফেলিক্স গাত্তারি কাফকার লেখা নিয়ে ‘মাইনর সাহিত্য’ ধারণাটি ব্যাখ্যা করেছেন। তাদের মতে, কোনো ছোট গোষ্ঠী যখন বড় ভাষায় লেখে, তখন ভাষাটি তার নিজস্ব অভিজ্ঞতায় বাঁক নেয় এবং হয়ে ওঠে সেই গোষ্ঠীর কণ্ঠ। একজন মাদ্রাসাপড়ুয়ার বাংলায় আরবি, ফারসি ও উর্দু মিশে যায়; তার ‘আমি’ প্রায়ই একটি ‘আমরা’র ভেতর থেকে কথা বলে। মাদ্রাসাপড়ুয়ারা সংখ্যায় ছোট নন, তবে সাহিত্যের মঞ্চে তারা এতদিন অন্তত ছিলেন না।
যদিও মাদ্রাসায় সাহিত্যপাঠের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তুরস্কের নৃবিজ্ঞানী সেরদার শেঙ্গুল কুর্দি মাদ্রাসাগুলোতে দেখেছেন, আরবি ব্যাকরণ, তাফসির ও ফিকহের পাশাপাশি সাদির গুলিস্তাঁ-বুস্তাঁ, আত্তারের পান্দনামা পড়ানো হতো। কখনো শিক্ষকের সঙ্গে আলাদাভাবে হাফিজের দিওয়ানও পড়ানো হতো। অর্থাৎ মাদ্রাসা ও সাহিত্য একসময় পরস্পরের অচেনা ছিল না; মাদ্রাসা সাহিত্য শূন্য থেকে আসেনি, বরং পুরনো সাহিত্য-শিক্ষার আধুনিক, বাংলাভাষী উত্তরাধিকারী।
একটি সাহিত্যধারা টেকসই হয়, যখন লেখক, সম্পাদক, প্রকাশক ও পাঠক মিলে একটি সামাজিক পরিসর তৈরি করেন। পিয়ের বুরদিয়ে একে বলেছেন ‘ক্ষেত্র’। মাদ্রাসা সাহিত্যের এমন পরিসরও ধীরে ধীরে দাঁড়াচ্ছে—দেয়ালিকা, মাসিক পত্র, সাপ্তাহিকী, প্রকাশনা, মেলা, লেখক-সংগঠন, সংকলন, অনলাইন ম্যাগাজিন ও সেমিনারের মধ্য দিয়ে।
এই জনগোষ্ঠীর অভিজ্ঞতার পরিসরও বিশাল। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্বীকৃত আলিয়া ধারার ৯ হাজার ২৯৬টি মাদ্রাসায় ২৮ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী ছিল। কওমি ধারার সর্বশেষ সরকারি জরিপ ২০১৫ সালের : ১৩ হাজার ৯০২টি মাদ্রাসায় প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর বরাতে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসায় ৭০ লাখ শিক্ষার্থীর কথা এসেছে। ফলে এটি কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন মানুষের অভিজ্ঞতার জগৎ।
দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইন দেখিয়েছিলেন, ‘খেলা’ শব্দের কোনো একটি অভিন্ন সংজ্ঞা নেই। দাবা, ফুটবল ও লুকোচুরির মধ্যে কিছু মিল আছে, তবে সবগুলোতে একই মিল নেই। এই মিলের জালকে তিনি বলেছেন ‘পারিবারিক সাদৃশ্য’। সাহিত্যের ধারাও তেমন। ফিলিস্তিনি সাহিত্যে কবিতা, উপন্যাস ও স্মৃতিকথার ধরন আলাদা, তবু ‘ফিলিস্তিন’ তাদের একসূত্রে বাঁধে। মাদ্রাসা সাহিত্যেও কেউ লিখবেন নস্টালজিয়ায়, কেউ বিদ্রোহে, কেউ দর্শনে। তবু অভিজ্ঞতার সাধারণ ভূখণ্ড তাদের একই পরিবারের অন্তর্ভুক্ত করে। তাই প্রশ্নটি ‘মাদ্রাসা সাহিত্য কঠোর অর্থে একটি জনরা কি না’—এতটুকুতে সীমাবদ্ধ না রেখে বরং দেখা দরকার, এখানে এমন সাধারণ অভিজ্ঞতা, ভাষা, ঐতিহ্য ও সম্প্রদায় আছে কি না, যা আলাদা আলোচনার দাবি রাখে। আমাদের বিচারে আছে।
দুনিয়ার সাহিত্যে মাদ্রাসার ছাপ
পারস্যের কবি শেখ সাদি (১১৯৩-১২৮৪) তার গুলিস্তাঁয় মাদ্রাসা জীবনের স্মৃতি লিখেছেন। মুসলিম দার্শনিক ইমাম গাজালিও (১০৫৮-১১১১) তার আত্মজীবনী আল-মুনকিজ মিন আদ-দালালে বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসার বুদ্ধিবৃত্তিক পরিবেশের বর্ণনা দিয়েছেন। সেখানে ছাত্রদের পাঠদানের প্রস্তুতি নিতে গিয়ে তার বাকশক্তি হারানো, গভীর মানসিক অস্থিরতা এবং শারীরিক অসুস্থতার অভিজ্ঞতা উঠে এসেছে। এই বয়ান প্রতিষ্ঠানের ইতিহাসের পাশাপাশি একজন শিক্ষকের ব্যক্তিগত সংকটেরও সাক্ষ্য।
নিজামিয়াকে ঘিরে ফরাসি-লেবানিজ লেখক আমিন মালুফের উপন্যাস সমরখন্দে একাদশ শতকের পারস্যের প্রেক্ষাপট উঠে এসেছে। আধুনিক সময়ে মিসরের ত্বহা হুসাইন (১৮৮৯-১৯৭৩) তার আত্মজৈবনিক বই আল-আইয়ামে আল-আজহারের পাঠজীবন, মুখস্থবিদ্যার একঘেয়েমি, শায়খদের মেজাজ এবং এক অন্ধ কিশোরের নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলেছেন। নিজের কথা তৃতীয় পুরুষে ‘বালক’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। মাদ্রাসা-অভিজ্ঞতার অন্যতম ধ্রুপদি এই রচনা অবশ্য প্রতিষ্ঠানের প্রশংসাপত্র নয় বরং ভেতর থেকে বলা ভালোবাসা ও প্রশ্ন মেশানো এক বয়ান।
আবুল হাসান আলী নদভী (১৯১৪-১৯৯৯), নদওয়াতুল উলামা, লখনৌ থেকে উঠে আসা আলেম ও সাহিত্যিক। আরবি গদ্যের জন্য আরব বিশ্বেও তার সুনাম ছিল। উর্দুতে লেখা তার আত্মজীবনী কারওয়ানে জিন্দেগি মাদ্রাসা-ঘেঁষা বুদ্ধিবৃত্তিক জগতের দীর্ঘ স্মৃতিচিত্র। দক্ষিণ আফ্রিকার মুসলিম পণ্ডিত ইব্রাহিম মুসার হোয়াট ইজ এ মাদ্রাসা বইটিও উল্লেখযোগ্য। আত্মজীবনী, সাংস্কৃতিক নৃবিজ্ঞান ও ইতিহাসের সংমিশ্রণে লেখা এই বইয়ে ভারতের দেওবন্দসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মাদ্রাসায় তার ছয় বছরের ছাত্রজীবনের অভিজ্ঞতা উঠে এসেছে।
আমাদের প্রশ্নের জন্য সবচেয়ে কাছের উদাহরণ সম্ভবত ইন্দোনেশিয়া। সেখানে পেসান্ত্রেন বা ইসলামি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের জীবন নিয়ে উপন্যাস লেখা হচ্ছে। আহমদ ফুয়াদির নেগেরি ৫ মেনারা (২০০৯) এর একটি উদাহরণ, যার ভিত্তিতে পরে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ইন্দোনেশীয় গবেষকরা এ ধরনের উপন্যাসকে ‘পেসান্ত্রেনভিত্তিক উপন্যাস’ হিসেবে আলাদা করে বিশ্লেষণ করছেন। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার লেখক সাদি মুকতাদিরের ল্যান্ড অব নো রিগ্রেটস উপন্যাসেও ওন্টারিওর এক গ্রামীণ মাদ্রাসায় চার কিশোরের বেড়ে ওঠার গল্প আছে।
বাংলা সাহিত্যের সঙ্গে মক্তব-মাদ্রাসার পাঠ্যজগতের সম্পর্কও বহু পুরনো। মধ্যযুগের পুঁথি সাহিত্যে আরবি-ফারসি শব্দ, কাহিনি ও আদর্শের যে স্রোত দেখা যায়, তার পেছনে ছিল এই শিক্ষাধারা। সপ্তদশ শতকের কবি আবদুল হাকিম এবং কাজী নজরুল ইসলামের কথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। নজরুল গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে মক্তবে শিক্ষকতা, মসজিদে মুয়াজ্জিনের কাজ এবং মাজারের খাদেমের দায়িত্বও পালন করেছেন। তার কাব্যভাষার আরবি-ফারসি ভিত মক্তব ও ধর্মীয় পরিবেশে তৈরি বলে ধারণা করা যায়। কলকাতা মাদ্রাসায় পড়ুয়া মওলানা মোহাম্মদ আকরম খাঁ কিংবা ঢাকা মাদ্রাসায় (বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ) পড়ুয়া মহাকবি কায়কোবাদের কথাও স্মরণ করা যায়। মাদ্রাসা সাহিত্য তাই বাংলা সাহিত্যের ইতিহাসেও একেবারে নতুন নয়।
গবেষণার জগতে মাদ্রাসা ও সাহিত্য
বিদেশি লেখাজোখায় অনুসন্ধান করে ‘মাদ্রাসা সাহিত্য’ নামে স্বতন্ত্র ধারার দাবি করা কোনো বই পাওয়া যায়নি। যা আছে, তা মূলত ইতিহাস, নৃবিজ্ঞান ও শিক্ষাবিষয়ক গবেষণা। এর মধ্যে তুর্কি শিক্ষাবিদ সারদার শেঙ্গুলের কুর্দি মাদ্রাসায় সাহিত্যপাঠ নিয়ে সরেজমিন গবেষণা ‘লিটারারি এডুকেশন অ্যান্ড উইজডম লিটারেচার ইন মাদ্রাসা কারিকুলাম’ উল্লেখযোগ্য। ২০২৪ সালে তুরস্কের একাডেমিক জার্নাল নুবিহার একাডেমিতে প্রকাশিত গবেষণাটিতে দেখা যায়, সাদি, আত্তার ও হাফিজের রচনা নৈতিক পরিপক্বতার জন্য পড়ানো হতো। একজন শিক্ষক গবেষককে বলেছেন, তারা ছিলেন ‘নিজ সময়ের নৃবিজ্ঞানী’। ওসমানিয়া পরিব্রাজক ইভলিয়া চেলেবির ভ্রমণবৃত্তান্তেও আছে, বিতলিসের শিশুরা হাফিজ, বুস্তাঁ ও গুলিস্তাঁ মুখস্থ জানত।
জর্জ মাকদিসির দ্য রাইজ অব কলেজ এবং হামিদ দাবাশির দ্য ওয়ার্ল্ড অব পারসিয়ান লিটারারি হিউম্যানিজম এ প্রসঙ্গে প্রাসঙ্গিক গবেষণাগ্রন্থ। মাকদিসির যুক্তি, ইসলামি বিশ্বে মাদ্রাসাকেন্দ্রিক স্কলাস্টিক ঐতিহ্যের আগেই ইসলামি বিশ্বে সাহিত্যিক মানবতাবাদ গড়ে উঠেছিল; তবে মাদ্রাসা প্রাতিষ্ঠানিক হলে স্কলাস্টিক ধারা প্রবল হয়। লেন গুডম্যানও এ বিতর্কে কাজ করেছেন। শেঙ্গুল দেখান, বাস্তবে এই দুই ধারা পুরোপুরি আলাদা ছিল না : মাদ্রাসা শিক্ষিতরা সাহিত্য পড়তেন, সাহিত্যিকরাও কখনো মাদ্রাসায় পড়েছেন। বারবারা মেটকাফ ও মুহাম্মদ কাসিম জামান দেওবন্দি ধারা ও আলেম সমাজের ইতিহাস নিয়ে প্রামাণ্য কাজ করেছেন। পাকিস্তান ও ভারতের নারী মাদ্রাসা নিয়ে ফাইযা মুহাম্মদ দীন ও হেম বোরকার গবেষণায় শিক্ষার্থীদের লেখা গল্পও বিশ্লেষিত হয়েছে। অর্থাৎ মাদ্রাসা-শিক্ষার্থীদের লেখাকে বিদেশি গবেষকরা গবেষণার উপাদান হিসেবে দেখতে শুরু করেছেন, যদিও একে স্বতন্ত্র সাহিত্যধারা হিসেবে চেনার কাজ এখনো বাকি।
মাদ্রাসায় বাংলার লড়াই
বর্তমান কওমি মাদ্রাসায় বাংলা, আরবি, ফারসি, উর্দু ও ইংরেজি—পাঁচটি ভাষা পড়ানো হয়। কোরআন-হাদিসের উৎস আরবিতে, উপমহাদেশের আলেমদের বহু মৌলিক রচনা ফারসি-উর্দুতে, আর ইংরেজি আন্তর্জাতিক ভাষা। মাতৃভাষা বাংলা এই হিসাবের পঞ্চম কোণ। তিন দশক আগেও মাদ্রাসা অঙ্গনে বাংলার চেয়ে উর্দু-ফারসির চর্চা বেশি ছিল। বাংলা সাহিত্যের নামে অবৈধ প্রেমের গল্প কিংবা অন্য ধর্মের কাহিনিনির্ভর মহাকাব্য শিক্ষার্থীদের নৈতিকভাবে পিছিয়ে দেবে—এমন আশঙ্কায় একসময় কওমি মাদ্রাসায় বাংলা বই পড়াও নিষিদ্ধ ছিল। আশি-নব্বইয়ের দশকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলা সাহিত্য প্রায় গৃহীত হতো না; যারা সাহিত্য-আসর করতেন, তাদের অনেকেই করতেন গোপনে।
তবে কয়েকজন আলেম বাংলাকে আঁকড়ে ধরেছিলেন। তাদের মধ্যে ছিলেন লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শামসুল হক ফরিদপুরী, যিনি সদর সাহেব নামে পরিচিত। পাকিস্তান আমলেই তিনি বাংলায় গ্রন্থ লেখেন। মাওলানা নূর মুহাম্মদ আজমী লেখেন হাদিসের তত্ত্ব ও ইতিহাস এবং মিশকাত শরিফের বঙ্গানুবাদ করেন। মাসিক মদীনার সম্পাদক মাওলানা মহিউদ্দীন খান বাংলায় সিরাতচর্চার পথিকৃৎ; তাফসীরে মাআরিফুল কোরআনের অনুবাদ ও আত্মজীবনী জীবনের খেলাঘরে তার উল্লেখযোগ্য কাজ। শাইখুল হাদিস আজিজুল হক বুখারি শরিফের প্রথম বাংলা অনুবাদক।
পরের প্রজন্মে ‘আদিব হুজুর’ খ্যাত মাওলানা আবু তাহের মেছবাহ ও মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ সাহিত্যচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া ও মাওলানা লিয়াকত আলী নবীনদের মধ্যে সাহিত্যপ্রেম গড়ে তোলেন। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক প্রায় ষাট বছর আগে ‘বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণা’ নামে বিভাগ খোলেন; পরে প্রকাশিত হয় ‘মাসিক আত-তাওহীদ’। হাটহাজারী, ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের মাদ্রাসা থেকে ‘মুঈনুল ইসলাম’, ‘আল-কাউছার’, ‘রাহমানী পয়গাম’ ও ‘আল ফারুক’-এর মতো মাসিক পত্রিকা বের হয়েছে। এগুলোই ছিল মাদ্রাসা-বলয়ের বাংলা গদ্যের ঠিকানা।
ভারতের আলেম ও আরবি সাহিত্যিক আবুল হাসান আলী নদভী ১৯৮৪ সালের ১৪ মার্চ কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায় এসে বলেছিলেন, বাংলার সাধারণ চর্চা যথেষ্ট নয়; কিছু মানুষকে প্রাণপণ সাধনায় এই ভাষার দায়িত্ব নিতে হবে। বাংলা চর্চায় সওয়াব নেই—এ ধারণাকে তিনি মূর্খতা বলেছেন। সতর্ক করেছিলেন, যেন ‘ওরা লিখবে আর আপনারা পড়বেন’—এমন অবস্থা না থাকে।
এর বহু বছর পরে কওমি শিক্ষাবোর্ড বেফাকের উদ্যোগে ‘ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা’ বিষয়ে তিন মাসের কর্মশালা চালু করে। বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম, জাতীয় লেখক পরিষদ, বানানবাড়ি এবং মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসার ভাষা-সাহিত্য-সাংবাদিকতা বিভাগও এই চর্চাকে এগিয়ে নিয়েছে।
মাদ্রাসার সাহিত্যপ্রতিভা প্রথম চোখ মেলে দেয়ালিকা, হাতে লেখা সাময়িকী ও ছোট কাগজে। বারান্দায় ঝুলতে থাকা সেই কাগজেই একজন তালিবুল ইলমের প্রথম কবিতা বা গল্পের প্রকাশ। এখন মাদ্রাসাপড়ুয়াদের সংগঠন থেকে ইসলামি লেখক অভিধান প্রকাশিত হয়েছে, ‘ঐতিহ্য’ থেকে আহমদ সাব্বির সম্পাদিত সংকলন মাদ্রাসা জীবন বেরিয়েছে, ওয়েব ম্যাগাজিন ‘কেয়ারি’ মাদ্রাসা সাহিত্য নামে বিশেষ সংখ্যাও প্রকাশ করেছে।
শেষ কথা
মাদ্রাসা সাহিত্য কি ‘ইসলামি সাহিত্যের’ নতুন নাম? না। ইসলামি সাহিত্য মূলত আদর্শভিত্তিক—লেখক কী প্রচার করতে চান, সেটাই তার পরিচয়। মাদ্রাসা সাহিত্য অভিজ্ঞতাভিত্তিক—লেখক কোন জগৎ থেকে কথা বলছেন, সেটাই মূল। তাই মাদ্রাসা-ফেরত এক সংশয়ীর গল্প, এক প্রাক্তন শিক্ষার্থীর ক্ষোভ কিংবা বাইরের কোনো লেখকের সমাজতাত্ত্বিক উপন্যাসও এর অন্তর্ভুক্ত হতে পারে। যদিও প্রশ্ন সহ্য করার মতো আত্মবিশ্বাসী সাহিত্য এখনো মাদ্রাসায় গড়ে ওঠেনি।
ফিলিস্তিনি সাহিত্য যেমন ফিলিস্তিনিদের আত্মপরিচয় ও সংগ্রামের স্মারক, মাদ্রাসা সাহিত্য তেমনি বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠীর যাপিত জীবন ও অন্তর্জগতের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। ঊনবিংশ শতকের পুঁথি থেকে নজরুলের কাব্যভাষা, আল-আজহারের সেই ‘বালক’ থেকে আজকের দেয়ালিকার কিশোর—এই ধারার সূত্র বহুদূর বিস্তৃত। তাই একে ‘নতুন’ বলার চেয়ে ‘নতুন করে চেনা’ বলাই ভালো। সাহিত্যের মানচিত্র যত বহুরঙা হবে, আমাদের ভাষা আর সমাজ একে অপরকে ততই ভালো করে চিনবে।
প্রচ্ছদ রচনা
মাদ্রাসা সাহিত্য : অভিজ্ঞতার নিজস্ব জগৎ
মনযূরুল হক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
গ্রাফিক্স : দেশ রূপান্তর
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০