নিষিদ্ধ শব্দবাণ

ইউলিসিস

‘নিষিদ্ধ শব্দবাণ’ বিশ্বসাহিত্যের সেইসব বইয়ের সংক্ষিপ্ত ইতিহাস, যেগুলো কোনো না কোনো সময়ে রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান, মতাদর্শিক গোষ্ঠী কিংবা সামাজিক রক্ষণশীলতার কারণে নিষিদ্ধ, বিতর্কিত বা দমনের শিকার হয়েছিল। প্রতিটি পর্বে তুলে ধরা হবে একটি বইয়ের প্রকাশ-ইতিহাস, নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপট এবং সময়ের সঙ্গে তার সাহিত্যিক ও বৌদ্ধিক গুরুত্বের পুনর্মূল্যায়নের গল্প

নিষিদ্ধ শব্দবাণ-১
জিভাগোর ইতিকথা

নিষিদ্ধ শব্দবাণ-২
লেডি চ্যাটার্লিজ লাভার

নিষিদ্ধ শব্দবাণ-৩
লোলিতা

নিষিদ্ধ শব্দবাণ-৪
দ্য ম্যানিফেস্টো অব দ্য কমিউনিস্ট পার্টি

নিষিদ্ধ শব্দবাণ-৫
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

নিষিদ্ধ শব্দবাণ-৬
আন্না ফ্রাঙ্কের ডায়েরি

নিষিদ্ধ শব্দবাণ-৭
দ্য বেল জার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

চেতনাপ্রবাহরীতি (stream-of-consciousness) বা অবিরাম ভাবনাস্রোতের ধরনে লেখা জেমস জয়েসের ইউলিসিস উপন্যাসে ১৯০৪ সালের ১৬ জুনের মাত্র একটি দিনের গল্প বলা হয়েছে। এই গল্পে লিওপোল্ড ব্লুম, তার স্ত্রী মলি এবং স্টিফেন ডিডালাসের চিন্তা, অনুভূতি, কথা ও কাজকর্মের বিবরণ আছে। বইটি প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে পড়ে। কারণ এতে শারীরিক ও ইন্দ্রিয়সুখের খোলামেলা বর্ণনা আছে। মলমূত্র ত্যাগের প্রসঙ্গ টানা হয়েছে এবং যৌনতাকে কোনো রাখঢাক ছাড়াই দেখানো হয়েছে। শুধু তা-ই নয়, বইয়ের ভাষা নিয়েও আপত্তি উঠেছিল; যেখানে অসংখ্যবার ‘ফাক’ (fuck) শব্দটির পাশাপাশি ‘যোনি’ (vagina), ‘অণ্ডকোষ’ (scrotum), ‘লিঙ্গ’ (penis), ‘সতীচ্ছেদ’ (hymen) এবং যৌনাঙ্গ বোঝাতে নানা রূপক বা ইঙ্গিতপূর্ণ শব্দের ব্যবহার রয়েছে।

ইউলিসিসের বেশিরভাগ আদিরসাত্মক বা যৌনইঙ্গিত এসেছে ব্লুম ও মলি চরিত্রের মধ্য দিয়ে। সারা দিন ডাবলিন শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো এবং নানা পানশালায় ঢুঁ মারা ব্লুমের এই যাত্রাটি আসলে মহাকাব্যের বীর ইউলিসিসের কথাই মনে করিয়ে দেয়, যিনি নিজের পরিবারে ফেরার আগে ১০ বছর ভবঘুরে ছিলেন। ইউলিসিসে শারীরিক ও ইন্দ্রিয়সুখে আচ্ছন্ন ব্লুম সারা দিনের পথচলায় তার পুরনো যৌন অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে। এমন এক মুহূর্তের কথা তার মনে পড়ে যখন সেভাবে, ‘উন্মত্তের মতো আমি ওর ওপর শুয়ে পড়েছিলাম, চুমু খেয়েছিলাম ওর চোখে, ঠোঁটে, টানটান গলায়; ভরাট স্তন আর সূচিমুখ পুরু স্তনবৃন্তে।’

মলমূত্র ত্যাগের খোলামেলা বর্ণনা আছে বইটিতে। বাইরের শৌচাগারে মলত্যাগের খুঁটিনাটি এবং সেই সময়ের শারীরিক অনুভূতির কথাও ব্লুম বর্ণনা করেছে। এমনকি তার ‘ঝলসানো খাসির কিডনি খেতেও দারুণ লাগত, যা তার জিভে প্রস্রাবের হালকা গন্ধযুক্ত এক সূক্ষ্ম স্বাদ এনে দিত।’ মলিও মলমূত্র এবং যৌনতা নিয়ে সমানভাবে ভেবেছে। ত্বকের প্রসাধনী ফুরিয়ে গেলে সে মনে মনে ভাবে, ‘মনে হচ্ছে আমাকে নিজের প্রস্রাব দিয়েই মুখ ধুতে হবে।’

বইটিতে যৌনতার এমন অসংখ্য প্রসঙ্গ থাকলেও সেগুলো কোনো ধারাবাহিক গল্পের মতো আসেনি; বরং চরিত্রগুলোর মনের ভেতরের একান্ত আলাপচারিতার মধ্য দিয়ে টুকরা টুকরাভাবে এসেছে।

নিষেধাজ্ঞার ইতিবৃত্ত
১৯২২ সালে যখন বইটি যুক্তরাষ্ট্রে আমদানির চেষ্টা করা হয়, সে দেশের ডাক বিভাগ বইটির ৫০০টি কপি পুড়িয়ে দেয়। আদালত বইটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

তবে বইটি নিয়ে প্রথম মামলা হয়েছিল ১৯২১ সালে। সে সময় ‘নিউ ইয়র্ক সোসাইটি ফর দ্য সাপ্রেশন অব ভাইস’-এর সচিব জন সামনার এবং তার অনুসারীরা ‘লিটল রিভিউ’ পত্রিকার একটি সংখ্যা জব্দ করেন, যেখানে ধারাবাহিকভাবে প্রকাশিত এই উপন্যাসের একটি অধ্যায় ছাপা হয়েছিল। জেনারেল সেশন আদালতে সেই মামলার বিচার চলে, যেখানে পত্রিকার সম্পাদক মার্গারেট হেড এবং জেন হিপকে আসামি করা হয়। সাক্ষী হিসেবে ডাক পাওয়া লেখক জন কাউপার পাউইস এবং নাট্যকার ফিলিপ মোয়েলার আদালতে সাক্ষ্য দেন যে, জয়েসের লেখার ধরন ভীষণ দুর্বোধ্য। সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। তবুও আদালত ‘লিটল রিভিউ’ এবং উপন্যাসটির বিরুদ্ধেই রায় দেন।

এরপর বইটির কাটছাঁট করা এবং চোরাই কপি বাজারে ঘুরতে থাকে। তবে ১৯৩২ সালের আগে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। সে বছর মার্কিন শুল্ক বিভাগ পাঠানো বইটির একটি কপি জব্দ করে এবং ১৯৩০ সালের শুল্ক আইনের অধীনে ইউলিসিসকে অশ্লীল ঘোষণা করে। মার্কিন শুল্ক বিভাগ এভাবেই এই মামলায় জড়িয়ে পড়ে।

প্রকাশনা সংস্থা র‌্যান্ডম হাউস মার্কিন পাঠকদের হাতে যখন বইটি পৌঁছে দেওয়ার জন্য ছাপানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা বইটিকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার আবেদন করে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে র‌্যান্ডম হাউস আর্জি জানায় যে, বইটি যেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয় এবং যে অংশগুলোকে ‘সবচেয়ে নোংরা ভাষায় লেখা’ বলা হচ্ছে, সেগুলোকে যেন পুরো বইয়ের প্রেক্ষাপটে বিচার করা হয়।

১৯৩৩ সালে ইউনাইটেড স্টেটস বনাম ওয়ান বুক এনটাইটেলড ‘ইউলিসিস’ মামলায় (যা ১৯৩৪ সালে আপিল আদালতেও বহাল থাকে) বিচারক জন এম. উলসি অশ্লীলতার অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, উপন্যাসটিতে ‘অস্বাভাবিক খোলামেলা বর্ণনা’ থাকা সত্ত্বেও ‘আমি এর কোথাও কোনো কামুক ব্যক্তির লোলুপ কিছু খুঁজে পাইনি। তাই আমি মনে করি, এটি কোনো পর্নোগ্রাফি বা অশ্লীল রচনা নয়।’

পর্যবেক্ষণে তিনি আরও বলেন, জয়েস যে ধরনের মানুষদের কথা লিখেছেন, তাদের ভাষা ও কাজকর্ম তাদের চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। চরিত্রগুলোর মনে বারবার যৌনতার চিন্তা আসার বিষয়ে তিনি বলেন, ‘সবসময় মনে রাখতে হবে, গল্পের পটভূমি ছিল কেল্টিক (আয়ারল্যান্ড) এবং সময়টা ছিল বসন্তকাল।’ সাধারণ মানুষের মনের ওপর বইটির প্রভাব বিবেচনা করে বিচারক উলসি রায় দেন, বইটি অশ্লীল নয়। তিনি বলেন, ‘অনেক জায়গায় এটিকে কুরুচিপূর্ণ মনে হতে পারে এবং আমি আগেই বলেছি এতে এমন অনেক শব্দ আছে যাকে সাধারণত নোংরা মনে করা হয়। তবুও আমি এমন কিছু পাইনি যাকে কেবল নোংরামির জন্যই নোংরামি বলা যায়। বইয়ের প্রতিটি শব্দ মোজাইকের ছোট ছোট টুকরার মতো কাজ করে, যা দিয়ে জয়েস তার পাঠকদের সামনে জীবনের পূর্ণাঙ্গ রূপ ফুটিয়ে তুলতে চেয়েছেন।’

মার্কিন সরকার এই রায়ের বিরুদ্ধে সার্কিট কোর্ট অব আপিলসে আবেদন করে। সেখানে বিচারক অগাস্টাস হ্যান্ড এবং বিচারক লার্নড হ্যান্ড আগের রায়টি বহাল রাখেন। সংখ্যাগরিষ্ঠের রায়ে তারা উল্লেখ করেন, ‘আমরা মনে করি, ইউলিসিস একটি মৌলিক এবং আন্তরিক দৃষ্টিভঙ্গিতে লেখা বই। উপন্যাসটি পাঠকদের মধ্যে কামভাব জাগিয়ে তোলার মতো কোনো প্রভাব ফেলবে না।’

মার্কিন সরকার এরপর সুপ্রিমকোর্টে আপিল না করার সিদ্ধান্ত নেয় আর এর মধ্য দিয়ে মার্কিন সরকার এবং স্থানীয় সেন্সরশিপ গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘ এক দশকের লড়াইয়ের অবসান ঘটে। নীতিবাগীশ এবং প্রকাশকদের মধ্যকার দ্বন্দ্বে এটি আমেরিকায় মতপ্রকাশের স্বাধীনতাকে অনেক দূর এগিয়ে দেয়।

আদালত এই নীতি প্রতিষ্ঠা করে যে, কোনো বই ‘অশ্লীল’ কি না, তা কোনো বইয়ের বিচ্ছিন্ন অংশ পড়ে বিচার করা যাবে না, বরং পুরো বইয়ের সামগ্রিক প্রভাব দেখে বিচার করতে হবে। সামগ্রিকভাবে কোনো বইয়ের যদি সাহিত্যিমূল্য থাকে এবং তথাকথিত অশ্লীল অংশগুলো যদি বইয়ের মূল উদ্দেশ্যের সঙ্গে প্রাসঙ্গিক হয়, তবে তাকে অশ্লীল বলা যাবে না। আইনের এই নতুন ব্যাখ্যার সারমর্ম টেনে বিচারক অগাস্টাস হ্যান্ড বলেন :

‘আমরা বিশ্বাস করি কোনো বই অশ্লীল কি না, তা পরীক্ষার সঠিক মাপকাঠি হলো এর সামগ্রিক বা প্রধান প্রভাব বিবেচনা করা, অর্থাৎ পুরো বইটি পড়ার পর কামভাব জাগ্রত হওয়াই কি এর প্রধান লক্ষ্য ছিল, আপত্তিকর অংশগুলো মূল বিষয়ের সঙ্গে কতটা প্রাসঙ্গিক, বইটি আধুনিক হলে স্বীকৃত সমালোচকদের চোখে এর খ্যাতি কেমন আর প্রাচীন হলে অতীতের বিচারে কতটা গুরুত্বপূর্ণ ছিল—এসব জোরালো প্রমাণ হিসেবে কাজ করবে। কারণ কেবল অশ্লীলতার ওপর ভর করে কোনো শিল্পকর্ম দীর্ঘদিন উচ্চাসনে টিকে থাকতে পারে না।’

এই রায়ের একটি বড় সুফল হলো, এরপর থেকে বিচারক ও কৌঁসুলিরা কোনো বইয়ের বিচ্ছিন্ন অংশ না দেখে পুরো বইকে সামগ্রিকভাবে বিচার করতে শুরু করেন। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ইউলিসিস প্রবেশের পথও খুলে যায়। ১৯৩২ সালের আদালতের এই রায়ে ইউলিসিস নিয়ে বিতর্কের অবসান ঘটে। তা ছাড়া বইটির বিশাল কলেবর ও কঠিন ভাষার কারণে হাই স্কুলের পাঠ্যতালিকায় থাকলেও শিক্ষার্থীদের কাছে এটি খুব একটা জনপ্রিয় ছিল না। এ জন্য এক সময় এর গ্রাফিক্স ও কমিকস সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

রব বেরি ও জোসেফ লেভিটাসের তৈরি উপন্যাসটির গ্রাফিক্স বা কমিকস সংস্করণ ‘ইউলিসিস সিন’কে (Ulysses Seen) আইফোন ও আইপ্যাডে অনুমোদনের আগে অ্যাপল এর কিছু অংশ বাদ দেওয়ার দাবি জানায়। এর ফলে ইন্টারনেটে নিষিদ্ধের মতো শিরোনাম দেখা যায়—‘অ্যাপলের হাতে আবারও নিষিদ্ধ জয়েসের ইউলিসিস’, ‘প্রকাশনার পুরনো ঐতিহ্য : যুক্তরাষ্ট্রে এক শতাব্দী পর এবার জয়েসের ইউলিসিসে অ্যাপলের কাঁচি’ এবং ‘ছোট্ট কার্টুন পুরুষাঙ্গের কারণে আইপ্যাড স্টোর থেকে বাদ পড়ল ইউলিসিস কমিক’ ইত্যাদি।

কমিকসের আপত্তিকর সেসব ছবিতে স্থূলকায় চরিত্র নগ্ন মালিগানকে সাগরে ঝাঁপ দিতে দেখা যায়। তবে অ্যাপটিতে কোনো অশ্লীল ভাষা ছিল না এবং কার্টুনটিও ছিল বিমূর্ত ধাঁচের—যা নিয়ে লেখকরা ভেবেছিলেন বড়জোর ‘হয়তো কিছু ছবি ঝাপসা (ব্লার) করে দিতে হবে বা ‘ডুমুর পাতা’ দিয়ে ঢেকে দিতে হবে।’ কিন্তু অ্যাপলের নীতিমালার কারণে তারা ‘হয় অ্যাপলের ট্যাবলেটে অ্যাপটি আনার পরিকল্পনা বাদ দেওয়া, নয়তো পাতাগুলো নতুন করে ডিজাইন করার’ চাপে পড়েন। শেষমেশ বেরি এবং লেভিটাস ‘আপত্তিকর যৌনাঙ্গের অংশটুকু বাদ দিতে’ ছবিগুলো ক্রপ বা কেটে ছোট করার সিদ্ধান্ত নেন। এও ছিল এক ধরনের সেন্সরশিপ।

অ্যাপলের এই সেন্সরশিপের বিরুদ্ধে দ্রুত এবং তীব্র প্রতিবাদ শুরু হয়। ২০১০ সালের ১৬ জুন—যেদিন বিশ্বজুড়ে জয়েসের এই মহাগ্রন্থ পাঠের মাধ্যমে ‘ব্লুমসডে’ (Bloomsday) উদযাপিত হয়, সেদিন অ্যাপল তাদের সিদ্ধান্ত বদলায়। বেরি এক সাক্ষাৎকারে বলেন, ‘তারা জানিয়েছেন আমাদের ক্ষেত্রে তাদের নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের মূল, অসম্পাদিত সংস্করণ আবার জমা দিতে বলেছেন। তারা ব্লুমসডে উপলক্ষে এই ডিজাইনের অনুমোদন দিল।’ বেরি ও লেভিটাস ‘ইউলিসিস আনসিন’ পুনরায় জমা দেওয়ার আট ঘণ্টার মধ্যেই অ্যাপটি আইটিউনস স্টোরে পাওয়া গেল—‘বিনামূল্যে ডাউনলোডের জন্য, তবে কেবল ১৭ বছর বা তার বেশি বয়সীদের জন্য সীমাবদ্ধ থাকবে।’

ইউলিসিস আধুনিকতম বিখ্যাত উপন্যাস। প্রথমে নিষিদ্ধ, পরে পূর্ণাঙ্গ এবং সবশেষে সংশোধিত আকারে বইটি এখনো প্রকাশিত হচ্ছে। দুর্বোধ্যতার অভিযোগ সত্ত্বেও পৃথিবীজুড়ে বইটি পাঠকরা পড়ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত