সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, যা জানা গেল

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ নভেম্বর) সাটুরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা চত্তরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সভা অনুষ্ঠিত হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের বাহির কামতা গ্রামে এ ঘটনা ঘটে।

মতিউর রহমানের বাবা আব্দুল জলিল ওই সময় জেগে ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘরের শোয়ার কক্ষে রাখা ধানে আগুন লাগে।

খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন সাটুরিয়া থানা কম্পাউন্ডে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা করেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভা শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতার বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কারও বাড়িতে আগুন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।