আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে মানিকগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী হাজারী গুড় তৈরির মৌসুম। এ উপলক্ষে হরিরামপুর উপজেলার হাজারীপল্লিতে চলছে কর্মযজ্ঞ। খেজুরগাছ প্রস্তুত করা থেকে শুরু করে গুড় তৈরির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ—সবকিছু নিয়েই ব্যস্ত সময় পার করছেন গাছি ও তাদের পরিবারের সদস্যরা। চলতি বছর হাজারী গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এবারের মৌসুম ঘিরে তাদের মধ্যে যোগ হয়েছে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা।
সরেজমিনে দেখা যায়, হাজারীপল্লিখ্যাত বাল্লা ইউনিয়নের ঝিটকা এলাকার শিকদারপাড়া ও আশপাশের গ্রামগুলোতে খেজুরগাছ প্রস্তুতের কাজে ব্যস্ত গাছিরা। কারও হাতে দা, কারও হাতে বাটাল। কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছের ডালপালা পরিষ্কার, চাঁচা-ছোলা ও নলি বসানোর কাজ করছেন তারা। কয়েক দিন পর গাছে বাঁধা হবে মাটির হাঁড়ি। এরপর শুরু হবে রস সংগ্রহ। সেই রস জ্বাল দিয়েই তৈরি হবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। অন্যদিকে পরিবারের সদস্যরা তৈরি করছেন মাটির চুলা এবং সংগ্রহ করছেন ধানের খড়সহ প্রয়োজনীয় জ্বালানি ও উপকরণ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০০ বছর আগে মোহাম্মদ হাজারী নামের এক ব্যক্তি বিশেষ পদ্ধতিতে এ গুড় তৈরি শুরু করেন। পরবর্তী সময়ে তার নামানুসারেই গুড়টির নাম হয় হাজারী গুড়। প্রজন্ম থেকে প্রজন্মে এই ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় গাছি ও কারিগররা। দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের স্বীকৃতি হিসেবে চলতি বছরের ১৫ জুন শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ‘মানিকগঞ্জের হাজারী গুড়’কে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন দেয়। এই স্বীকৃতি স্থানীয় উৎপাদকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
ঝিটকা শিকদারপাড়া গ্রামের গাছি খন্দকার মিজানুর রহমান বলেন, ‘এখন খেজুরগাছের ঝোড়া পরিষ্কারের কাজ করছি। ধাপে ধাপে এসব কাজ করতে হয়। এরপর আরও কয়েক দফা গাছ চাছা হবে। ১৫ থেকে ২০ দিন পর লাল গুড় তৈরি করা সম্ভব হবে। আর তার প্রায় এক মাস পর থেকে তৈরি করা যাবে আমাদের কাঙ্ক্ষিত হাজারী গুড়।’
তিনি আরও বলেন, “হাজারী গুড় আগে থেকেই পরিচিত একটি ব্র্যান্ড। তবে এ বছর জিআই সনদ পাওয়ায় আমরা আরও গর্বিত। এই স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে এবং গুড়ের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”
একই গ্রামের গাছি খন্দকার ওহাব উদ্দিন বলেন, তার দাদা ও বাবা দুজনই হাজারী গুড় তৈরি করতেন। বাবার কাছ থেকেই তিনি এ কাজ শিখেছেন। প্রায় ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এখন খেজুরগাছ প্রস্তুতের কাজ চলছে। আরও ১৫ থেকে ২০ দিন পর গাছে হাঁড়ি বসানো হবে। প্রথমে সংগৃহীত রস দিয়ে তৈরি হবে লাল গুড়। এরপর প্রায় এক মাস পর শুরু হবে ঐতিহ্যবাহী হাজারী গুড় তৈরির কাজ।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, হরিরামপুরের হাজারী গুড় প্রায় ৩০০ বছরের ঐতিহ্য বহন করছে। এ বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। ইতিমধ্যে গাছিরা উৎপাদনের প্রস্তুতি শুরু করেছেন। গুড়ের দীর্ঘদিনের সুনাম ও গুণগত মান ধরে রাখতে কৃষি বিভাগ সচেতন রয়েছে।
তিনি জানান, উপজেলায় আনুমানিক সাড়ে ৮ হাজার খেজুরগাছ রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব হবে। ইতিমধ্যে গাছিদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর হাজারী গুড়ের উৎপাদন বাড়বে বলে আশা করছেন তারা।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, হাজারী গুড় জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর ঐতিহ্য ও গুণগত মান রক্ষা করা এখন সবার দায়িত্ব। এটি শুধু জেলা প্রশাসনের নয়, পুরো মানিকগঞ্জবাসীর দায়িত্ব। গুড়ে ভেজাল বা দূষিত উপাদান মেশানো হলে এর ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন হবে। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, গাছিদের সঙ্গে সরাসরি কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। হাজারী গুড়ে কোনোভাবেই চিনি কিংবা অন্য কোনো উপাদান মেশানো যাবে না। নির্ধারিত ও ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করেই এ গুড় তৈরি করতে হবে। উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা সংগ্রহ করা হয়েছে। নিয়মিত তাদের কার্যক্রম পরিদর্শন করে গুড়ের গুণগত মান যাচাই করা হবে। কোনো অনিয়ম বা ভেজালের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।