কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রামে জনজীবনে কোনো প্রভাব পড়েনি। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বন্দরনগরীর সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অন্যদিকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকেই দূরপাল্লার বাস ও ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে গেছে। সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খোলা রয়েছে। শিল্পকারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম চালু আছে।
লকডাউন কর্মসূচি আহ্বান করা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। বিপরীতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সক্রিয় অবস্থানে ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১০টা থেকে নগরীর লালখানবাজার মোড়ে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ দলের নেতারা। পরে নাজিমুর রহমানের নেতৃত্বে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে সকালে নগরীর নিউমার্কেট মোড়েও বিএনপির নেতাকর্মীদের বড় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামী, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক এয়াছিন চৌধুরী লিটনসহ দলীয় নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, পতেঙ্গা ও হালিশহরসহ নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কথিত লকডাউনের নামে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য ঠেকাতে নগরীর শতাধিক স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শক্ত অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, পতিত ও পলাতক স্বৈরাচারের উসকানিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি এবং সাধারণ মানুষ রাজপথে নেমেছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরাও সব সময় মাঠে থাকবেন।