আফগানিস্তানে তালেবানের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আলী আহমাদ জিলালির নাম জানা গেছে। তিনি দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আহমাদ জিলালি বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় যুক্ত।
তাকে দেশটির অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেখা যেতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এপি রয়টার্সসহ বিভিন্ন বার্তা সংস্থা।
কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, আশরাফ গানির সরকার ক্ষমতা ছাড়ার পর জিলালিকেই ‘সম্ভাব্য গ্রহণযোগ্য’ ব্যক্তি বলে মনে করা হচ্ছে, যিনি এ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দেখভাল করতে পারেন।
আফগানিস্তানের ক্ষমতা দখলের হামলা নয় আলোচনা চায় বলে জানিয়েছে তালেবানরা। ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে দেশটির সরকারও।
ইতিমধ্যে কাবুলে পৌঁছে গেছে তালেবান বাহিনী। তারা চারদিক থকে কাবুলকে ঘিরে ফেলেছে। রবিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী অন্তবর্তী সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, কাবুল যেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, সেজন্য আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। ‘শান্তিপূর্ণ ও সন্তোষজনক’ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত তাদের যোদ্ধারা কাবুলের সব প্রবেশ পথে পাহারায় থাকবে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকওয়াল স্থানীয় টোলো টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, একটি অন্তর্বর্তী সরকারের কাছে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়া শুরু হয়েছে। তালেবান কাবুলে হামলা করবে না।
