গাড়ির হেডলাইট বন্ধ করতে বলায় এক বৃদ্ধকে চড় মেরেছিলেন পুলিশ সদস্য। আর সেই চড়ে রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধ। পরে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো সম্ভব হলো না তাকে। শেষ পর্যন্ত বৃদ্ধ মারাই গেলেন। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের মাতা মন্দির এলাকার।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মাতা মন্দির এলাকায় গাড়ি চালিয়ে আসেন স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান নিখিল গুপ্ত। তিনি তার বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন। তবে বোনের বাড়ি যাওয়ার আগে গাড়িটি রাস্তার ধারে পার্ক করেছিলেন তিনি।
অভিযোগ উঠেছে, অন্ধকার রাস্তায় দীর্ঘ সময় গাড়িটির হেডলাইট জ্বলছিল। আর এর উল্টো দিকে বসেছিলেন এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব মুরলীধর রামরাওজি নেওয়ার। চোখে আলো পড়ায় গাড়ির কাছে গিয়ে পুলিশ সদস্যকে হেডলাইট নিভিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে আলো নেভাতে বলেছিলেন বৃদ্ধ। কিন্তু অনুরোধ শুনেই চটে যান নিখিল গুপ্ত। শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে বৃদ্ধকে জোরে চড় মারেন তিনি। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে যান বৃদ্ধ। তড়িঘড়ি করে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে গত শনিবার তার মৃত্যু হয়।
অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় স্তনের জন্য ১১ কোটি খরচ করেছেন মডেল লরেনা!
