বিধানসভা নির্বাচনে বিজেপির ঘাঁটিতে কংগ্রেসের হানা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৮ পিএম

বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির তিন শক্তিশালী ঘাঁটিতে হানা দিয়েছে কংগ্রেস। শুক্রবার পাঁচ রাজ্যে নির্বাচন শেষে একাধিক সংবাদমাধ্যমের বুথ ফেরত জরিপে দেখা যায় মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসছে ক্ষমতাসীন দলটি। শেষ পর্যন্ত মঙ্গলবার আনুষ্ঠানিক ফলাফলে সেই শঙ্কাই সত্যি হতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে এনডিটিভি জানাচ্ছে, মধ্যপ্রদেশের মোট ২৩০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ১১৬ আসন। সেখানে এগিয়ে থাকলেও এখনো শঙ্কামুক্ত নয় বিজেপি। রাজ্যটিতে বিজেপি ১১২ আর কংগ্রেস ১০৮ আসনে এগিয়ে আছে। নিজেদের ঘাঁটিতে এবার ৫৬টির মতো আসন হারাতে যাচ্ছে বিজেপি। রাজ্যটিতে ক্ষমতায় আসতে অল্পসংখ্যক আসন পাওয়া স্থানীয় দল বিএসপি এবং জিজিপিকে কাছে টানতে হবে।

একইভাবে বিজেপির আরেক ঘাঁটি রাজস্থানেও বিপুলসংখ্যক আসন হারাতে যাচ্ছে বিজেপি। রাজ্যটিতে ৮১টি আসনে এগিয়ে থাকলেও হারাতে পারে ৮১টি। কংগ্রেস জোট ৭৫ আসন বাড়তি পেয়ে এগিয়ে আছে ৯৬টি আসনে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ রাজ্যেও কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোট ১৯৯ আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার হবে ১০০ আসন। শেষ পর্যন্ত এখানেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাকিয়ে থাকতে হবে ছোট দলগুলোর দিকে।

ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়ে এককভাবে ক্ষমতায় বসতে যাচ্ছে কংগ্রেস।  ৯০ আসনের এ রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৪৬ আসন। সেখানে কংগ্রেস ৫৯ আসনে এগিয়ে আছে। এবার তাদের ঝুলিতে যোগ হতে যাচ্ছে ২০টি আসন। ২৭ আসন হারিয়ে বিজেপির ভাগ্যে জুটতে পারে মাত্র ২২ আসন।

তেলেঙ্গানার ১১৯ আসনে সংখ্যাগরিষ্ঠতার দরকার ছিল ৬০ আসনে। নতুন এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জনপ্রিয়তা ধরে রেখেছেন এবারও। তার রাষ্ট্র সমিতি দল এখানে এগিয়ে আছে ৯০ আসনে। তারা এবার বাড়তি পেতে যাচ্ছে ২৭ আসন। কংগ্রেস এখানে ১৬ আসন হারিয়ে পেতে যারে ২১ আসন। গতবারের ৫ আসনের মধ্যে ৩টিই হারাতে পারে বিজেপি।

মিজোরামের ৪০ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ২১ আসন। সেখানে স্থানীয় মিজো ন্যাশনাল ফ্রন্ট ২৭ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। এখানে কংগ্রেসের ভরাডুবি বলা চলে। ২৮ আসন হারিয়ে তারা এখানে পেতে যারে মাত্র ৬ আসন। বিজেপি দুই আসন থেকে একটি হারাতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত