নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে এক মাদ্রাসা ছাত্রীসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া হামলাকারীরা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে।
শনিবার দুপুরে শিবপুর কলেজ গেট ধীমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আহত মাহদিয়া (৮) শিবপুরের এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও নেতাকর্মীরা জানান, আজ দুপুরে শিবপুর আসনের বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়িবহর নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। উদ্বোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী সভা করছিল। এ সময় ৪টি মাইক্রোবাস করে মুখোশ পড়া ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করেন। হামলাকারীরা দলীয় কার্যালয়সহ ২৬টি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মাহদিয়াসহ ১০ জন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মাহদিয়া নরসিংদী জেলা হাসপাতালে স্থানান্তর করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত পথচারী কাঞ্চন বলেন, আমরা রাস্তার পাশে দাড়ানো ছিলাম। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হঠাৎ বৃষ্টির মতো গুলি শুরু করে মুখোশধারী একদল যুবক। তারা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করছিল।
বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী বলেন, পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী মাছিমপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণায় যাওয়ার সময় হঠাৎ থানা-পুলিশ বাধা দিয়ে জানায়, সেখানে আওয়ামী লীগ প্রার্থী প্রচারণা চালাবে। পরে আমার মাছিমপুরের প্রচারণা কর্মসূচি বাতিল করে দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা করছিলাম। সেখানে আমাদের ওপর হামলা চালানো হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে নেতাকর্মীরা কিছু জানাতে পারেনি।
