হেইডেনের চোখে ভারতই ফেভারিট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:১৪ এএম

তিনি যখন ওপেন করতেন তখন অস্ট্রেলিয়া ছিল এই গ্রহের সেরা দল। নতুন বলে স্টেপ আউট করতে ভয় পেতেন না। ম্যাথু হেইডেন খেলাটা খেলতেন নির্দয়ভাবে। এখন যেমন বিরাট কোহলি খেলেন। চলতি অস্ট্রেলিয়া-ভারত সিরিজ নিয়ে সেই হেইডেন মন্তব্য করেছেন। বক্সিং ডে টেস্টে তিনি ফেভারিট বলছেন কোহলির দলকেই।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে বুধবার। সেই টেস্ট নিয়ে সংবাদ মাধ্যমকে হেইডেন বলেছেন, ‘এখন পর্যন্ত দুদলই তাদের সেরা ক্রিকেট খেলছে। তুখোড় প্রতিদ্বন্দ্বিতার কারণ এটাই। আমি যতদূর জানি মেলবোর্নের উইকেট ব্যাটিংসহায়ক। ফাস্ট বোলাররা একটু কম সহায়তা পায়। আলাদা করে বললে চেতেশ্বর পুজারা অসাধারণ। বিরাট কোহলি তুলনাহীন। অজিঙ্কা রাহানেও ভয়ংকর ক্রিকেট খেলছে। তাছাড়া স্পিন বোলিংয়ে অস্ট্রেলিয়া কতটা ভঙ্গুর তা দেখিয়ে দিয়েছে রবিচন্দ্রন অশ্বিন।’ প্রথম টেস্টে অশ্বিনের কারণেই জিতেছিল ভারত। যদিও টেস্ট সিরিজে এগিয়ে

থাকার সুবিধা পরের টেস্টে নিতে পারেনি সফরকারীরা। পার্থে জিতে সমতায় ফিরেছে স্বাগতিকরা। সবার চোখ এখন এমসিজির দিকে। নতুন উইকেট কেমন হবে সে সম্পর্কে হেইডেন বলেছেন, ‘অনেক দিন আমরা যে উইকেট দেখে এসেছি, আমার মনে হয় এই ড্রপ-ইন উইকেট তার চেয়ে অনেক ভালো হবে।’ চার টেস্টের সিরিজ কে জিতবে তা নিয়েও মন্তব্য করেছেন সাবেক এ ওপেনার। তার চোখে ভারতই ফেভারিট, ‘আমি মনে করি ভারতেরই সিরিজটা জেতা উচিত। কারণ তারা দারুণ ভারসাম্যপূর্ণ দল। বোলিং ইউনিটটাও সংগঠিত। স্পিন গভীরতাও অনেক। যদিও দেশের বাইরে সিরিজ জেতা সহজ নয়। কিন্তু ভারতেরই জেতা উচিত। তারাই ফেভারিট।’ হেইডেনের কথা সত্যি হলে অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবার টেস্ট সিরিজ জেতার ইতিহাস গড়বে কোহলির দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত