চীনা প্রেসিডেন্টের উষ্ণ অভিনন্দন পেলেন শেখ হাসিনা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ পিএম

চীনের প্রেসিডেন্ট শি চীনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। ইউএনবির এক খবরে এমনটা জানান হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোমবার চীনের রাষ্ট্রদূত জ্যাং জুয়ো  গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ অবশ্যই বাস্তবায়িত হবে এবং তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। 

জ্যাং জুয়ো আরো আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ দারিদ্র্যসীমা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবে খুব দ্রুতই।

চীনের এ প্রতিনিধি দুই দেশের সুসম্পর্ক ভবিষ্যতেও টিকে থাকবে বলে আশা প্রকাশ করেন।

জ্যাং জুয়ো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে বিশ্বের শীর্ষ নেতাদের একজন বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা পালনকে স্বাগত জানান।

চীন বাংলাদেশের পরম বন্ধু উল্লেখ করে বাংলাদেশে তাদের আরো বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেন।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এবং প্রধানমন্ত্রী দপ্তরের সচিব সাজ্জাদুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,ভুটানের রাজা জিগমে কেসার নামগায়েল ওয়াংচুক, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত