একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। শুরুর দিকে জাতীয় পার্টি থেকে নির্বাচন করার কথা থাকলেও মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ মানুষ থেকে শুরু করে সবার দৃষ্টি ছিল হিরো আলমের দিকে। অনেকে মজা হিসেবে নিলেও হিরো আলম অন্যরকম এক উদাহরণ তৈরি করেন। নির্বাচনের দিন অনিয়মের প্রতিবাদ করে লাঞ্ছনার শিকারও হন হিরো আলম। তার ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে নানা স্তরের মানুষ। এদিকে হিরো আলমকে নিয়ে ইসলামি গানের আদলে গান তৈরি করলেন এক কিশোর। ‘নির্বাচনে হিরো আলম হারে নাই’ শিরোনামের গানটিতে হিরো আলমকে বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ‘শিক্ষায় তুমি কম হতে পারো, সাহসে মহাবীর’-এমনই স্তুতি বাক্যে হিরো আলমের গুনগান করা হয়েছে গানটিতে।
দেশ রূপান্তরকে হিরো আলম বলেন, ‘নির্বাচনে দাঁড়িয়ে মানুষের এত ভালোবাসা পাবো ভাবি নাই। এই ছেলেটির গান শুনে আমি মুগ্ধ হয়েছি। এমপি হই বা না হই আমার কোনো আফসোস নাই।’
