একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটি নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও অভিনন্দন জানায়।
শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলকে নির্ভয়ে-নির্বিঘ্নে সংখ্যালঘুদের ভোট দান নিশ্চিত করায় ধন্যবাদ জানান।
রাণা দাশগুপ্ত জানান, তফসিলের পর নির্বাচনী প্রচারে ধর্মীয় উপাসনালয় ব্যবহার না করা, সাম্প্রদায়িক বক্তব্য না দেওয়া, সর্বোপরি নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। এবারই প্রথম সব রাজনৈতিক দল তা মেনেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এবারের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ ও অধিকার রক্ষায় যে অঙ্গীকার করেছে -তা বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, বাসুদেব ধর, তাপস কুমার পাল উপস্থিত ছিলেন।
