আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নীতি-আদর্শ চলার পথে পাথেয় হিসেবে থাকবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফ। পরের দিন ওবায়দুল কাদের বলেন, ‘তার মৃত্যুতে আমাদের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তার নীতি, আদর্শ, বিনয়, চরিত্রের যে গুণাবলী, সেগুলো আমাদের পাথেয় হবে। ’
তিনি বলেন, ‘আমরা শোকাহত, গোটা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া। সজ্জন এবং একজন ভালো মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে তার একটা সুনাম ছিল আমাদের দলের সীমানা পেরিয়ে। তিনি আরও অনেক দিন আমাদের দলকে সার্ভিস দিতে পারতেন।’
দলের সাবেক সাধারণ সম্পাদকের বিষয়ে উত্তরসূরী বলেন, ‘পরপর দুই বার পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। দুঃসময়ে পার্টির হাল ধরেছিলেন, শক্ত হাতে দলকে সংগঠিত করেছেন সীমাহীন গভীর কমিটমেন্ট নিয়ে। ’
